হোম > জাতীয়

স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে স্কুলগুলোতে বছরজুড়ে খেলাধুলার আয়োজন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যেই নতুন শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ‘খেলাধুলা’ বই তুলে দেওয়া হবে।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ ১০টি ইভেন্ট স্কুল পর্যায়েও চালু করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার সুযোগ তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। শুধু নির্দিষ্ট সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নয়, বছরজুড়েই যাতে শিক্ষার্থীরা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, সেই ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা শুধু বছরব্যাপী পড়াশোনা করব না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও থাকবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তুলতে চাই।’

অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মঈনুল হক মইন, আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ লিটন, বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মিরপুর সেকশন-১১-এর ব্লক-বি এলাকায় ওয়াসার পানির পাম্প, ১০ নম্বর সি-ব্লকসংলগ্ন পানির পাম্প এবং মাইয়্যেতখানার (লাশ গোসলের স্থান) উদ্বোধন করেন।

পরে তিনি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেন।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্রুত বিচারের আশ্বাস

কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হৃদ্‌রোগীর দ্রুত চিকিৎসায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের প্রস্তাব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৩৫

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান