বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে দিশাকে আদালতে হাজির করে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তাহসিফের সঙ্গে দিশার একাধিকবার চলাফেরার তথ্য পাওয়া গেছে। গত ২৭ অক্টোবর রাতে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ তাহসিফের সঙ্গে তাকে দেখা যায়। এর আগে তারা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ নামের একটি প্রতিষ্ঠানে গিয়েছিলেন।
এ ছাড়া মামলার আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে একটি মোটরসাইকেল গ্যারেজে দিশার একসঙ্গে অবস্থানের তথ্যও পেয়েছেন তদন্তকারীরা। তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনা করে ঘটনার আগে তার সঙ্গে দিশার একাধিকবার কথোপকথনের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে রিমান্ড আবেদনে।
তদন্তকারী কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। হত্যার রহস্য উদ্ঘাটন, ঘটনার স্থান শনাক্ত, আলামত উদ্ধার এবং অন্য জড়িত ব্যক্তিদের পরিচয় জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত শনিবার রাতে মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে দিশাকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হয়।