খুলনার চারটি থানায় বিশেষ অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে একা চলাফেরা না করতে বলা হয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের।
শুক্রবার খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় চলমান বিশেষ অভিযানের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ বিভিন্ন দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য রাতে একাকী চলাচল এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বলা হয়েছে। খুলনা পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি থেকে জারি করা এ নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২।