হোম > জাতীয়

তেল বিক্রির অনিয়ম ঠেকাতে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আমার দেশ

দেশে জ্বালানি তেল বিক্রির অনিয়ম ঠেকাতে আগামীকাল রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কিছু পেট্রোল পাম্পে তেল না পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করছে। কোনো পাম্প যদি দ্রুত সব তেল বিক্রি করে ফেলে, তাহলে তাদের পরবর্তী সরবরাহ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। কোনো পাম্প যদি দ্রুত বিক্রি করে ফেলে, তাহলে তো আর সঙ্গে সঙ্গে তেল পাবে না। পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমরা বিষয়টি মনিটর করছি।’

কোনো পাম্প ইচ্ছাকৃতভাবে বেশি লাভের আশায় তেল বিক্রি বন্ধ রাখছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্তের মাধ্যমে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী বলেন, ‘আমাদের কন্ট্রোলিং ব্যবস্থা আছে। কাল থেকেই আমরা মোবাইল কোর্ট নামিয়ে দেব। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মোটরসাইকেলের ক্ষেত্রে দুই লিটার করে তেল দেওয়ার রেশনিং বাড়ানো হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত তা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, ‘আমি তো বললাম আমাদের মজুত আছে। কিন্তু যুদ্ধ কবে থামবে সেটা তো আমরা জানি না। তাই আগে থেকেই আমাদের ঘর ঠিক রাখতে হবে, সঞ্চয় করে রাখতে হবে। সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

মানুষের মধ্যে কেন আতঙ্ক তৈরি হচ্ছে, সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি মানুষের স্বাভাবিক মনস্তত্ত্ব। অনেকেই ভবিষ্যতের আশঙ্কায় আগেভাগে মজুত করার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘সরকার বলার পরও মানুষ কখনো কখনো প্যানিক করে। এটা মানুষের স্বাভাবিক আচরণ। আমরা সবাই অনেক সময় এমনটা করি—পরে পাব কি না এই ভয় থেকে মজুত করার চেষ্টা করি।’

এলএনজি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কাতার থেকে এলএনজি আমদানি করে এবং এর পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘আমরা কাতার থেকে এলএনজি নিয়ে আসি। এর বাইরে বিকল্প ব্যবস্থাও আছে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি যাতে ভবিষ্যতে কোনো সংকট না হয়।’

মন্ত্রী জানান, বর্তমানে দেশে এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ভবিষ্যতে যেন কোনো সংকট না ঘটে সে জন্য সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে।

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সচেতনভাবে জ্বালানি ব্যবহার করতে হবে।’

অসাধু উপায়ে দ্রব্যমূল্য না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সব স্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ

কূটনীতিতে নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ২৬৬টি ফ্লাইট বাতিল

ফ্লাইট বাতিল হওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হলে সরকার সহায়তা করবে

ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুপুরী থেকে ফেরার আকুতি ৩১ নাবিকের

দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানিমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু