বাংলাদেশে আন্তর্জাতিক রুটে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর বিমান ভাড়া পর্যালোচনা এবং যাত্রীসেবার মান উন্নয়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিশেষ করে, অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার অভিযোগের বিষয়ে এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে সংস্থাটি।
বুধবার বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে যাত্রীদের নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বেবিচক জানিয়েছে, বাংলাদেশে আসা-যাওয়া করা কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। এ পরিস্থিতিতে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে কেবিন ভালোভাবে পরিষ্কার করা এবং নিয়মিত স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে বলে বেবিচকের পর্যবেক্ষণে উঠে এসেছে। এ ধরনের বৈষম্য দূর করে বাংলাদেশ রুটেও উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে বলা হয়েছে।
বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, কোনো এয়ারলাইন্স বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে ধরনের সুযোগ-সুবিধা ও সেবা দিয়ে থাকে, বাংলাদেশ রুটের যাত্রীদেরও একই মানের সেবা দিতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীসেবার মানে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না।
এদিকে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত সেবার তুলনায় কোনো কোনো রুটে বিমান ভাড়া বেশি হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। এ কারণে ভ্রমণের দূরত্ব বিবেচনায় নিয়ে বিমান ভাড়া পর্যালোচনা এবং যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে।
বেবিচক জানিয়েছে, উড়োজাহাজের পরিচ্ছন্নতা, যাত্রীসেবার মান, উপযুক্ত উড়োজাহাজ ব্যবহার এবং যৌক্তিক বিমান ভাড়া নিশ্চিত করার বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এসব বিষয়ে বাস্তব পরিস্থিতি যাচাই করতে সংস্থাটি পরিদর্শন কার্যক্রমও অব্যাহত রাখবে।