শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে কানাডা হাইকমিশনের ট্রেড কমিশনার কাজী গুলাম ফরহাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে শিক্ষা খাতের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে আলোচনা হয়।
আলোচনাকালে শিক্ষামন্ত্রী ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভৃতির গুরুত্ব ও এসব বিষয়ে বাংলাদেশের পরিকল্পনার কথা প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।
কানাডার হাইকমিশনার ক্রস-বর্ডার এডুকেশন, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল খাতসহ শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণে কানাডার আগ্রহের কথা ব্যক্ত করেন।