হোম > জাতীয়

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে হটলাইনে যোগাযোগের আহ্বান

বিশেষ প্রতিনিধি

ফাইল ছবি

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এরই মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বিল প্রস্তুতে করণিক ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধনের পাশাপাশি কোনো কর্মকর্তা-কর্মচারীর অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিদ্যুৎ বিভাগ আয়োজিত মতবিনিময় ও পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ অতিরিক্ত বিল পেয়েছেন— এমন অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে বিতরণ কোম্পানিগুলোর প্রধানদের কাছে অভিযোগের কারণ জানতে চাওয়া হয়।

সভায় জেলা প্রশাসকদের কাছে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা জানান, এ ধরনের উল্লেখযোগ্য অভিযোগ তাদের কাছে আসেনি। তবে বিদ্যুৎ সচিব বলেন, ‘গ্রাহকদের যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিল তৈরিতে করণিক বা প্রযুক্তিগত কোনো ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। একই সঙ্গে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা অসদুপায়ে বিল প্রস্তুতের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় গ্রাহকসেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অভিযোগ তদন্ত করে দ্রুত সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিলসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা বা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুৎ (১৬৮৯৯), বিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)-এর হটলাইনে অভিযোগ জানানো যাবে।

সভায় লোডশেডিং পরিস্থিতি এবং জেলা পর্যায়ে রুফটপ সৌরবিদ্যুৎ কর্মসূচির অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসকরা জনদুর্ভোগ কমাতে সরকারের নির্দেশনা অনুযায়ী আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

এএস

এনআইডির জন্ম তারিখ সংশোধনে চাপে ইসি

সীমান্তে হতাহত ও পুশইন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ পরবর্তী কার্যক্রম সম্পন্ন

বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসানীতি সহজ করছে সরকার

টেকসই উত্তরণের লক্ষ্যেই এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার

সরকারি হাসপাতালে প্রথমবারের মতো গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন