সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার লক্ষ্যে রাজধানীতে র্যালি বের হয়েছে। আলোর প্রভাত ও নাগরিক পরিষদের যৌথ উদ্যোগে শনিবার সকালে এই বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি মাতুয়াইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসাসংলগ্ন পির সাহেবের বাড়ি জামে মসজিদ মার্কেটে অবস্থিত আলোর প্রভাতের কার্যালয় থেকে শুরু করে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোনাপাড়া শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে আয়োজকেরা মাদকবিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, তরুণ-যুবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি'সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকেরা করতালি দিয়ে র্যালিতে অংশগ্রহণকারীদের স্বাগত জানায়।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিশিষ্ট নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য দেন। তারা যেকোনো মূল্যে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার করে বলেন, মাদক কারবারি, সেবনকারী ও সরবরাহকারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। মাদকের ছোবলে শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে। প্রশাসনসহ সমাজের সব শ্রেণি ও পেশার নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকের বিরুদ্ধে সোচ্চার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরিয়ার স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ এবং যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু। তারা মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
র্যালির আহ্বায়ক ওবায়দুল্লাহ খান হিমো বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধই আমাদের মূল লক্ষ্য। এই কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।’
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাজাহার হোসেন খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব শহীদ বাবলু, আলোর প্রভাতের সভাপতি জনাব ইউসুফ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমবি