এক দশকের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চলতি জুন মাসে। গত মঙ্গলবার পর্যন্ত চলতি মাসে স্বাভাবিকের চেয়ে ৪৭ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাসের যে কয়দিন বাকী আছে তাতেও পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসে দেশে গড়ে ৪৫৯ মিলিমিটার বৃষ্টি হয়। এটা বছরের দ্বিতীয় বৃষ্টির মাস। সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে, ৫২৩ মিলিমিটার। চলতি বছরে জুলাই মাসেও কম বৃষ্টির সম্ভাবনার কথা পূর্বাভাসে বলা হয়েছে।
এর আগে সংস্থাটি দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এবারের বর্ষা তথা জনু-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। সেইসাথে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকার কথা আগেই জানিয়েছিল। যদিও এবার মৌসুমের সবচেয়ে উষ্ণতম এপ্রিল-মে মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
বুধবার রাতে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আমার দেশকে বলেন, চলতি মাসে মঙ্গলবার পর্যন্ত স্বাভাবিকের চেয়ে ৪৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। মাসের যে কয়দিন বাকী আছে তাতেও পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী ২৮ জুন থেকে রাজশাহী ও খুলনা বিভাগ বাদে অন্যান্য অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।
তিনি বলেন, বিগত এক দশকের মধ্যে এ ধরনের কম বৃষ্টিপাত আর কখনো লক্ষ্য করা যায়নি। এবার জুলাই মাসেও কম বৃষ্টি হতে পারে।
এর আগে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকও একই কথা আমার দেশকে বলেন, এ ধরনের ঘটনা এবারই প্রথম না। এর আগে ২০১৯ সালে স্বাভাবিকের চেয়ে ৩৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছিল। এছাড়া ২০১৬ সালে ৩০ শতাংশ, ২০২৩ সালে ১৬ শতাংশ এবং ২০২৫ সালে ১৯ শতাংশ স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চলতি বছরেও জনু-জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তথ্য আগেই পূর্বাভাসে জানানো হয়েছে
তিনি বলেন, বৃষ্টিপাত কম হলে স্বাভাবিকভাবে তাপমাত্রাও বাড়তি থাকে। এতে গরম বেশি থাকাটাও স্বাভাবিক। এছাড়া বাতাসের গতিবেগ কমে আর্দ্রতা বেড়ে তাপমাত্রার চেয়েও ২-৩ ডিগ্রী বেশি তাপমাত্রার মতো গরম অনুভুত হচ্ছে।
এদিকে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে বুধবার সারাদেশের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা আগের দিন যশোরে ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি। তবে এ দিন রাজধানীর তাপমাত্রা কিছুটা কমে রেকর্ড করা হয় ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে আগের কয়েকদিনের তুলনায় বৃষ্টিপাতের প্রবণতা কমে বুধবার সিলেটে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিন রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩৭ মিলিমিটার। আগামী কয়েকদিন বৃষ্টিপাত কমে পুনরায় দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসের একেবারে শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে।
এদিকে চলতি মাসে বৃষ্টিপাতের প্রবণতা কমে এবং বাতাসের গতিবেগ কমে আর্দ্রতা বেড়ে যাওয়ায় সারাদেশেই তাপমাত্রার চেয়েও ২-৩ ডিগ্রি বেশি তাপমাত্রার মতো গরম অনুভুত হচ্ছে। আর বৃষ্টি হলেও পরক্ষণেই ভ্যাপসা গরম বেড়ে যাচ্ছে।