শিক্ষা অধিদপ্তরের দুর্নীতি দূর করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া (এমপি)। তিনি বলেন, এ ক্ষেত্রে কোথাও বাধার সম্মুখীন হলে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা নেওয়া হবে। এরপরও শিক্ষা অধিদপ্তরের দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না।
শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’ স্লোগানে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এ সভার আয়োজন করে।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উত্থাপিত ১৯ দফা দাবির বিষয়ে সেলিম ভূঁইয়া বলেন, আগামী সংসদীয় কমিটির সভায় এসব দাবি উত্থাপন করা হবে। পাশাপাশি সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ব শিক্ষক দিবস প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৭ বছরে যথাযথভাবে দিবসটি পালন করা সম্ভব হয়নি। দিবসটি পালন করতে গিয়ে ফ্যাসিবাদী শাসনামলে হয়রানির শিকার হতে হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির বলেন, শিক্ষকরা সুনাগরিক গড়ার কারিগর। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত না করলে রাষ্ট্রের অগ্রগতি বাধাগ্রস্ত হবে।
বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) মহাসচিব মো. জাকির হোসেন বলেন, শিক্ষক দিবস পালন করতে গিয়ে অতীতে অনেককে জেল-জুলুমের শিকার হতে হয়েছে।
বাসমাশিসের আহ্বায়ক মো. আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন লোবনা নাদিয়া লোপা। সঞ্চালনা করেন কবি আল আমিন।