হোম > জাতীয়

গ্রামীণ ব্যাংকে হামলার নেপথ্যে কী

আলজাজিরার প্রতিবেদন

আমার দেশ অনলাইন

এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানীতে গত সপ্তাহে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি প্রায় তিন দশকের পুরোনো নথিপত্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির ঋণসংক্রান্ত কাগজপত্র, গ্রাহকদের সঞ্চয়ের হিসাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল নষ্ট হয়েছে। হামলার কারণে শাখাটির স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। একই সঙ্গে কর্মীদের নিরাপত্তা এবং গ্রাহকদের আমানত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত ১৮ নভেম্বর দুপুরে প্রায় ১২ জনের একটি দল দা, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে শাখাটিতে হামলা চালায়। ওই সময় ব্যাংকের কর্মীরা মাঠপর্যায়ে ঋণ ও অন্যান্য কার্যক্রমে ব্যস্ত ছিলেন।

শাখাটির ব্যবস্থাপক সোলায়মান মোরল জানান, হামলাকারীরা প্রথমে ব্যাংকে লুটপাট চালায়। পরে গ্রাইন্ডার মেশিন দিয়ে ভল্ট কাটার চেষ্টা করে। তারা প্রায় ৪০ বস্তা ভাউচার ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বের করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া স্টিলের আলমারি, ফাইল রাখার ক্যাবিনেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। এমনকি এক কর্মীর ব্যক্তিগত রাইস কুকারও নিয়ে যায় হামলাকারীরা।

সোলায়মান মোরল বলেন, ‘তারা বলেছিল, নথিপত্র পুড়িয়ে ফেললে আর কাউকে ঋণ পরিশোধ করতে হবে না।’

হামলার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোলায়মান জানান, হামলাকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুনেছেন তিনি। এ ছাড়া তারা ‘ইউনূসের আখড়া’ বলে অভিহিত করে ব্যাংকটি পুড়িয়ে দেওয়ার কথাও বলছিল।

হামলার পর থেকে শাখাটির স্বাভাবিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। কর্মীরা বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। অন্যদিকে, ব্যাংকে আমানত রাখা গ্রাহকেরা তাদের টাকা ও ঋণসংক্রান্ত নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

সোলায়মান মোরল বলেন, ‘একটি ব্যাংক মূলত বিশ্বাসের ওপর নির্ভর করে চলে। এসব ঘটনা গ্রাহকদের আস্থায় প্রভাব ফেলছে। আমাদের কাছে যাদের আমানত রয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন।’

১৩ দিনে গ্রামীণ ব্যাংকে ৯৭ হামলা

কাশিয়ানীর ঘটনাটি বিচ্ছিন্ন কোনো হামলা নয়। বরং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলার অংশ।

ব্যাংকটির ২৩ নভেম্বর তারিখের সর্বশেষ অভ্যন্তরীণ স্মারকলিপি অনুযায়ী, ১০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত এই আর্থিক প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ২০২৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়ান—এর কয়েক মাস পরেই এই পরিস্থিতির সৃষ্টি হলো।

শেখ হাসিনার সমর্থকরা বিভিন্ন থানা ও স্থানীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছে এবং ফরিদপুর ও নড়াইলে তিনজন বিএনপি কর্মীকে হত্যার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের অন্যতম সুপরিচিত একটি আর্থিক প্রতিষ্ঠান। এটি ক্ষুদ্রঋণের এমন একটি মডেল প্রবর্তন করেছে, যার মাধ্যমে এমন মানুষদের ছোট আকারের ঋণ দেওয়া হয়, যারা সাধারণত প্রচলিত ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকেন।

গ্রামীণ ব্যাংককে কেন লক্ষ্যবস্তু করছে আওয়ামী লীগ?

এসব হামলার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে দায়ী করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ আলজাজিরাকে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

হাসিনার সমর্থকদের নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু করার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে, বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশের একটি প্রতীকী লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক। কারণ, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই সময়ে ২০২৪ সালের আন্দোলন দমনে বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনাকে একটি ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। বর্তমানে তিনি নির্বাসনে রয়েছেন—যেখানে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বসবাস করছেন।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও উন্নয়ন গবেষণা উদ্যোগের গবেষক মোবাশ্বের হাসান মনে করেন, হামলার সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, ‘গত পুরো সপ্তাহজুড়ে তার (হাসিনার) দল তাকে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। গ্রামীণ ব্যাংক হলো ড. ইউনূসের এমন একটি প্রতীক, যা তাদের নাগালের মধ্যে রয়েছে। আওয়ামী লীগের কট্টরপন্থিদের কাছে ইউনূস তাদের পতনের মূল কারিগর; তাই তার ব্যাংকে আগুন দেওয়াটা হলো তার ওপর প্রতিশোধ নেওয়ার একটি উপায়।

ছবি: সংগৃহীত।

মোবাশ্বের হাসানের মতে, এসব হামলার মাধ্যমে নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজপথে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের একটি অংশ।

তিনি বলেন, ‘বিশেষ করে গোপালগঞ্জে কিছু হামলাকে শক্তি প্রদর্শনের অংশ বলে মনে হচ্ছে। এর মাধ্যমে সমর্থকদের বার্তা দেওয়া হচ্ছে—আমরা এখনো মাঠে আছি।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানও মনে করেন, এসব সহিংসতা প্রতিশোধের রাজনীতির বৃহত্তর ধারার অংশ।

তার মতে, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সামনে দুটি পথ ছিল। একটি হলো নিজেদের ভুল স্বীকার করে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করা। অন্যটি হলো চাপ প্রয়োগ করে আবার রাজনীতিতে ফিরে আসা। তার মূল্যায়নে, দলটি দ্বিতীয় পথ বেছে নিয়েছে।

শাহান বলেন, ‘গ্রামীণ ব্যাংকে হামলা আসলে প্রতিশোধের রাজনীতির বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা।’

তিনি আরো বলেন, এই হামলার পেছনে হয়তো এমন একটি উদ্দেশ্যও থাকতে পারে, যাতে সরকার কঠোর প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হয়; আর এর মাধ্যমে দলটি নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরে সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করতে পারে।

দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

মঙ্গলবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সাদিক কায়েম ও মুসাদ্দিকের পর এবার আরেক ডাকসু নেতার বাড়িতে আগুন

দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে হাসিনাকে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, প্রথম দিন ৪ ফ্লাইট

ইউজিসিকে যে নির্দেশ দিলেন ‍শিক্ষামন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা

উচ্চশিক্ষার মান বজায় রেখে দক্ষ মানবসম্পদ গড়ার ওপর রাষ্ট্রপতির জোর