স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিন এ কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, দেশে কেউ কাউকে সহজে ধন্যবাদ দিতে চায় না, কিন্তু তিনি নিজে ডা. জুবাইদা রহমানকে বিশেষ ধন্যবাদ জানাতে চান। চিফ হুইপ উল্লেখ করেন, স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করার পেছনে ডা. জুবাইদার বিশেষ ভূমিকা রয়েছে। তিনি ‘বাসায় যুদ্ধ করে’ এই স্বাস্থ্য বাজেট ডাবল করিয়েছেন। অন্যান্য খাতের মধ্যে কেবল স্বাস্থ্য খাতেই এই বড় ধরনের বাজেট বৃদ্ধি সম্ভব হয়েছে তার প্রচেষ্টার কারণে।
দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি ও চিকিৎসার বর্তমান অবস্থা তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, মানুষের বয়স ৫০ পার হলেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ছুটতে হয়। হৃদরোগ, লিভার, ফুসফুস ও পেটের নানা সমস্যায় মানুষ আক্রান্ত হচ্ছে। যখন মানুষের কর্মক্ষম থাকার কথা, ঠিক তখনই তারা জটিল অসুস্থতায় পড়ে চিকিৎসার পেছনে সময় ও অর্থ ব্যয় করছে।
তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর জীবনযাপন এই অসুস্থতার অন্যতম প্রধান কারণ। খাবারে ক্ষতিকর কেমিক্যাল ও ভেজালের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে যেমন স্বাস্থ্য বাজেটের কার্যকর ব্যবহার প্রয়োজন, তেমনি নাগরিকদের স্বাস্থ্যসচেতনতা ও খাদ্যে ভেজাল বন্ধেও কঠোর পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেন তিনি।