হোম > জাতীয়

হাসিনার দেশে ফেরা নিয়ে যা বলল সরকার

স্টাফ রিপোর্টার

দেশের প্রচলিত আইন ও বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, এর বাইরে ভিন্ন কোনো উপায়ে বা অযৌক্তিক শর্তে তার দেশে ফেরার সুযোগ নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘উইমেন জার্নালিস্ট ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন।

আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক বক্তব্য

তথ্যমন্ত্রী বলেন, “তিনি বিদেশে অবস্থান করছেন এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমেই আমরা তাকে ফেরত আনতে চাচ্ছি। তিনি বিমানে আসবেন নাকি সীমান্ত দিয়ে আসবেন, তা নিয়ে তাদের দলের নেতারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। আদতে দেশে ফেরার কোনো বাস্তব পদক্ষেপ তিনি নেননি। মূলত দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এসব গুজব ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।”

আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, সরকারের চলমান উন্নয়ন কর্মসূচি—যেমন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ৩৭ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই তারা অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, ভারতের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে, যা তাদের স্থানীয় রাজনীতির ফায়দা লোটার কৌশল।

তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “দেশের জনগণের অর্থ লুটপাট ও গণহত্যা চালিয়ে যিনি দেশ ছেড়েছেন, তার ব্যক্তিগত বক্তব্য বা কৌশলের চেয়ে দেশের উন্নয়ন ও নিরাপত্তা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। দেশের প্রচলিত আইন এবং এক্সট্রাডিশন চুক্তি অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনা হবে। বর্তমান সরকার জনগণের কল্যাণ, জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় মনোযোগ দিচ্ছে।”

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “আদালত কর্তৃক ‘রং হেডেড’ (অবিবেচক) আখ্যা পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না। একজন অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফেরত আসবেন, তার নিজের ইচ্ছামতো নয়।”

গণমাধ্যম ও নতুন ওয়েজবোর্ড প্রসঙ্গ

সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণেও সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

/এএএস

আ.লীগের বিচার দ্রুত শুরু করার দাবি বেসিস সংস্কার পরিষদের

হামলা হলে বন্ধ হয়ে যাবে গোপালগঞ্জের বিদ্যুৎ সরবরাহ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু একজনের

মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতিরই বহিঃপ্রকাশ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

খোলা বাজারে ডলারের দর বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা