কৃষি খাতের সবচেয়ে বড় প্রকল্প ‘পার্টনার’সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) পদে রদবদল করা হয়েছে। কাজের গতি বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমে তোড়জোড় আনা এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের ত্বরান্বিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে উপসচিব মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব পদায়ন ও দায়িত্ব রদবদলের আদেশ জারি করা হয়।
ডিএই সূত্রে জানা যায়, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের নতুন প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন খামারবাড়ির পরিকল্পনা ও আইসিটি উইংয়ের উপপরিচালক ড. সাখাওয়াত হোসেন শরীফ। তিনি বিদায়ী পিডি আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।
অন্যদিকে, ‘আধুনিক টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন’ প্রকল্পের নতুন পিডি করা হয়েছে গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মো. আবুল বাসার মিয়াকে। তিনি বিদায়ী পিডি তালহা জুবায়ের মাশরুরের স্থলাভিষিক্ত হয়েছেন। এছাড়া ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের নতুন পিডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে সংযুক্ত অতিরিক্ত উপপরিচালক মো. মাসুদুর রহমানকে। তিনি বিদায়ী পিডি রাসেল আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
একই আদেশে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) অর্থায়নে পরিচালিত সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি এবং ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ-সংশ্লিষ্ট দুটি প্রকল্পের অতিরিক্ত দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। এসব প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব থেকে তালহা জুবাইরকে অব্যাহতি দিয়ে টিস্যু কালচার প্রকল্পের নতুন পিডি মো. আবুল বাসার মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।