হোম > জাতীয়

হৃদ্‌রোগীর দ্রুত চিকিৎসায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের প্রস্তাব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

হৃদরোগে মৃত্যুর হার কমাতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোকে কেন্দ্র করে প্রাথমিকভাবে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ও অ্যাম্বুলেন্স পুল গঠনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথ ল্যাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডা. মোস্তাফিজুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, হৃদরোগীর ক্ষেত্রে ‘গোল্ডেন আওয়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত হাসপাতালে পৌঁছানো নিশ্চিত করতে প্রাথমিকভাবে ঢাকা ও পার্শ্ববর্তী অন্তত পাঁচটি জেলা নিয়ে বেসরকারি উদ্যোগে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালু করা যেতে পারে। এক বছর কার্যক্রম পরিচালনার পর প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেশব্যাপী অ্যাম্বুলেন্স পুল গঠনের উদ্যোগ নেওয়া হবে।

ড. এম এ মুহিত বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেও জরুরি অ্যাম্বুলেন্স সেবা জোরদারের প্রতিশ্রুতি রয়েছে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। সমন্বিত ও কার্যকর অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে উঠলে জরুরি সময়ে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে এটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগের দক্ষতা আরও বাড়াতে হবে। যেকোনো চিকিৎসা বা হস্তক্ষেপের আগে রোগী ও স্বজনদের কাছে পরিস্থিতি এবং চিকিৎসাপদ্ধতি যথাযথভাবে ব্যাখ্যা করা হলে ভুল বোঝাবুঝি ও আক্ষেপের সুযোগ অনেকাংশে কমে আসবে।

অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভুঁইয়া মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্রুত বিচারের আশ্বাস

কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৩৫

কর্তৃত্ববাদী নয়, কর্মকর্তাদের সেবক হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

শিক্ষকদের যৌক্তিক দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন