বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বিজি ৩৩৯ এবং বিজি৩৪০ স্থগিত করেছে।
শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। ফলস্বরূপ, বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা ফ্লাইট বিজি৩৩৯ এবং বিজি৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
এই ফ্লাইটগুলোতে বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করছে। ফ্লাইটগুলোর পুনঃনির্ধারণ বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আজ ১১ অক্টোবর রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
স্থগিতাদেশের কারণে যাত্রীদের যাত্রায় অপ্রত্যাশিত বিঘ্ন এবং তাঁদের পরিবারকে যে অসুবিধায় পড়তে হয়েছে, সেজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী—বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা তাঁদের নিকটতম বিমান বিক্রয় অফিসে যেতে পারেন। নতুন তথ্য পাওয়া গেলে তা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে।
এমই