সংসদে প্রতিমন্ত্রী
সরকারের শূন্য পদ পূরণে ৬ মাস, ১ বছর এবং ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।
রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপির এমপি সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসসমূহের শ্রেণিওয়ারি শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে প্রথম শ্রেণিতে (১ম-৯ম)৬৮ হাজার ৮৮৪টি, ২য় শ্রেণিতে (১০ম-১২তম) ১ লাখ ২৯ ১৬৬, ৩য় শ্রেণিতে (১৩তম-১৬তম) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯, ৪র্থ শ্রেণিতে (১৭তম-২০তম) ১ লাখ ১৫ হাজার ২৩৫ এবং অন্যান্য (অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক-যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে) ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।
রংপুর-৬ আসনের নুরুল আমীনের প্রশ্নের জবাবে মো: আব্দুল বারী বলেন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজীকরণের জন্য সারা দেশে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সাথে সাথে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য এবং নিয়োগের অধিযাচন পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে চিঠি পাঠানো হয়েছে।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরে দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনার প্রণয়নের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করা হয়েছে।