জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নরসিংদী জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হলেও জুলাই অভ্যুত্থানসংশ্লিষ্ট ঘটনাবলি স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
অনুষ্ঠানটির উপস্থাপক ও জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কালচারাল ইন্ডাস্ট্রিতে বি-আওয়ামীকরণ যত দিন না হবে; তত দিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান ওল্ডগার্ডদের চৈতন্যে স্থান পাবে না।’
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেতের সমালোচনা করেন। সারোয়ার তুষার দাবি করেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনে রাজনৈতিক প্রভাব বিদ্যমান থাকায় জুলাই গণঅভ্যুত্থান এখনো অনেকের চেতনায় যথাযথ স্থান পায়নি।
পোস্টে তিনি উল্লেখ করেন, ছোটবেলা থেকে ‘ইত্যাদি’র নিয়মিত দর্শক হিসেবে তিনি অনুষ্ঠানটির প্রতি আগ্রহী ছিলেন। নরসিংদীকে কেন্দ্র করে নির্মিত সাম্প্রতিক পর্বে জেলার ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের তুলে ধরা হলেও জুলাই অভ্যুত্থানের সময়কার নরসিংদীর ভূমিকা এবং সংশ্লিষ্ট ঘটনাবলি অনুপস্থিত ছিল বলে অভিযোগ করেন তিনি।
তিনি উল্লেখ করেন, ‘যে জেলায় ‘‘ইত্যাদি’’ হয়, সেই জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা ‘ইত্যাদি’র পুরোনো রেওয়াজ। ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদ, ভাই গিরিশচন্দ্র সেনের বসতভিটা, সমাধিস্থল, জাদুঘর, লাইব্রেরি দেখানো হলো। তাদের কীর্তি ও সংক্ষিপ্ত ইতিহাসও বর্ণিত হলো। নরসিংদীর সন্তান হিসেবে অবশ্যই আমরা গর্বিত।’
তবে অভিযোগ করে এনসিপির এ নেতা বলেন, ‘কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ করলাম, হানিফ সংকেতের চৈতন্যে জুলাই নাই। জুলাইয়ের নরসিংদী নাই। জুলাইয়ের নরসিংদীর বীরোচিত কারা বিদ্রোহের ইতিহাস নাই। শহীদ তাহমিদ, শহীদ ইমন বা শহীদ রাব্বি নাই! জুলাইয়ের উত্তাল নরসিংদী হানিফ সংকতের চৈতন্যে নাই।’
এছাড়া অনুষ্ঠানের কুইজ পর্বে নরসিংদীর কৃতী সন্তানদের মধ্যে শামসুর রাহমান ও আলাউদ্দিন আল আজাদের নাম থাকলেও জুলাই অভ্যুত্থানের কোনো প্রসঙ্গ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে সারোয়ার তুষার মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থানকে এখনো প্রাতিষ্ঠানিক ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক উপস্থাপনায় যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তার মতে, দেশের ইতিহাস রচনার ধারা এবং সাংস্কৃতিক শিল্পক্ষেত্রে পরিবর্তন না আসা পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান অনেকের চেতনায় পর্যাপ্ত গুরুত্ব পাবে না।