আজ বুধবার সকালে রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর আকাশ অনেকটাই রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে। তবে উপকূলীয় এলাকায় কমবেশি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে যেতে পারে। এতে আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা কমলেও মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামী ২১ থেকে ২৩ আগস্ট আবারো সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও আজ বুধবার ঢাকাসহ সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
বঙ্গোপসাগরে উত্তাল পরিস্থিতি কমে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এদিকে আজকের পূর্বাভাসে বলা হয়, ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এসআর