আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সাগরে শক্তি বাড়িয়ে এটি ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আইএমডি ইতোমধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ নিয়ে একটি পূর্বাভাস প্রকাশ করেছে। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে ধাবিত হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’।
পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি তৈরি হলে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই শক্তিশালী হতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এরপর সাগরে অবস্থান করে আরো শক্তি সঞ্চয়ের মাধ্যমে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোথায় আঘাত হানতে পারে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটির পরবর্তী গতিবিধি ও শক্তি বৃদ্ধির ধরন পর্যবেক্ষণের পর এর সম্ভাব্য গতিপথ এবং উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির ঝুঁকি সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
সূত্র: দ্য উইক
এমএমআর