হোম > প্রকৃতি ও পরিবেশ

দুর্যোগের আগাম বার্তার ভরসাস্থল আবহাওয়া দপ্তরই মহাদুর্যোগে

সরদার আনিছ

ঘূর্ণিঝড়, কালবৈশাখী, ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পাওয়ার একমাত্র ভরসাস্থল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখন নিজেই এক মহাদুর্যোগের মুখোমুখি। নানা সংকটে হাবুডুবু খাচ্ছে সরকারি এই প্রতিষ্ঠানটি। দেশের আবহাওয়ার নিখুঁত ও তাৎক্ষণিক তথ্য দেওয়ার লক্ষ্যে স্থাপিত প্রতিষ্ঠানটির অত্যাধুনিক পাঁচটি ডপলার রাডারই বর্তমানে অকেজো।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে দুর্যোগের সময় তাৎক্ষণিক ও নির্ভুল পূর্বাভাস দেওয়ার সক্ষমতা কমে যেতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তরের দাবি, বিমান বাহিনী, ভারতের আগরতলা ও জাপানের রাডারসহ স্যাটেলাইট তথ্য ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, কক্সবাজার, পটুয়াখালীর খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারে দেশের পাঁচটি ডপলার রাডার স্টেশন রয়েছে। এর মধ্যে কক্সবাজার, খেপুপাড়া ও মৌলভীবাজারের রাডার দীর্ঘদিন ধরে কারিগরি ত্রুটি, যন্ত্রাংশের মেয়াদোত্তীর্ণ হওয়া এবং রক্ষণাবেক্ষণের অভাবে অচল। সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করলে ‘রক্ষণাবেক্ষণাধীন’ বার্তা দেখা যায়। অন্যদিকে, রংপুরের রাডারটি গত ১৭ জুন থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। সর্বশেষ গত ৪ জুলাই বিদ্যুৎ সংযোগজনিত সমস্যায় ঢাকার রাডারটিও অচল হয়ে পড়ে। ফলে বর্তমানে দেশের পাঁচটি ডপলার রাডারের কোনোটিই কার্যকর নেই। এ অবস্থাকে উদ্বেগজনক বলে মনে করছেন দুর্যোগ ও আবহাওয়া বিশেষজ্ঞরা। কারণ, রাডার অকেজো থাকা মানে সমুদ্রের ঝড়ের গতিপথ ও তীব্রতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক দিলারা জাহিদ এ প্রসঙ্গে আমার দেশকে বলেন, সবগুলো রাডার অচল থাকা দেশের মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে তিন থেকে পাঁচ লাখ এবং ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষের প্রাণহানির ক্ষেত্রে দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে অজ্ঞতার পাশাপাশি অন্যতম কারণ ছিল সময়মতো সতর্কবার্তা না পৌঁছানো।

তিনি বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে আগাম সতর্কতা ব্যবস্থাই দুর্যোগে প্রাণহানি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। তাই রাডার ব্যবস্থা সচল রাখতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক পলিউশন স্টাডিজের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, উপকূলীয় অঞ্চলের তিনটি রাডার দীর্ঘদিন ধরে অচল থাকায় ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের নির্ভুল পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে। বিগত সরকারের সময়ে রক্ষণাবেক্ষণে চরম অবহেলা ছিল। বর্তমান সরকারের জন্য এই রাডারগুলো দ্রুত সচল করা একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, একটি ডপলার রাডার প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত কার্যকরভাবে আবহাওয়ার তথ্য দিতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ বা ঘূর্ণিঝড় এই সীমার মধ্যে প্রবেশ করার পর রাডারই সবচেয়ে নির্ভুল তথ্য দেয়। অথচ এখন সবগুলো রাডার অচল থাকায় বঙ্গোপসাগরের লঘুচাপ ও ঝড়ের সঠিক গতিবিধি বোঝা অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, স্যাটেলাইট চিত্র মেঘের অবস্থান দেখাতে পারে, কিন্তু রাডারের মতো বৃষ্টির তীব্রতা, বৃষ্টিপাতের পরিমাণ কিংবা ঝড়ের অভ্যন্তরীণ গঠন এতটা নির্ভুলভাবে নির্ণয় করতে পারে না।

এদিকে, এমন পরিস্থিতিতেই দেশের দিকে ধেয়ে আসছে মৌসুমের দ্বিতীয় শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ধারা’। বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, ৫ থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশের প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এতে উপকূলীয় এলাকাগুলোর ঝুঁকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে রাডার বিকল থাকলেও পূর্বাভাস কার্যক্রম ব্যাহত হচ্ছে না দাবি আবহাওয়া অধিদপ্তরের। প্রতিষ্ঠানটির আবহাওয়াবিদ তারিফুল কবির নেওয়াজ গতকাল রোববার আমার দেশকে বলেন, আমাদের রাডারগুলো অচল থাকলেও আমরা বিকল্প হিসেবে বিমান বাহিনীর রাডার, ভারতের আগরতলার রাডার এবং জাপানের রাডারের তথ্য ব্যবহার করতে পারছি।

তিনি জানান, রংপুর রাডারের কারিগরি ত্রুটি মেরামতে জাপানি বিশেষজ্ঞরা কাজ করছেন এবং ৯ জুলাইয়ের মধ্যে সেটি সচল হওয়ার আশা করা হচ্ছে। এছাড়া গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে স্থাপিত ঢাকার রাডারটি মেরামতের জন্যও প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করি এ দুটি রাডার দ্রুতই ঠিক হয়ে যাবে। বাকিগুলো জাইকা প্রকল্পের অর্থায়নে দ্রুতই প্রতিস্থাপিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

তার ভাষায়, রাডার মূলত ৩০০ কিলোমিটার পর্যন্ত মেঘের ভেতরের পানিকণার তথ্য দেয়। তবে স্যাটেলাইটের মাধ্যমে আমরা শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত আবহাওয়ার অবস্থা স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারি। অবশ্য রাডার সচল থাকলে আমাদের কাজ আরো সহজ ও সুন্দর হয়।

বিশেষজ্ঞদের মতে, দুর্যোগপ্রবণ বাংলাদেশের জন্য আধুনিক রাডার নেটওয়ার্ক কেবল একটি প্রযুক্তিগত অবকাঠামো নয়, এটি জননিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাই অচল রাডারগুলো দ্রুত মেরামতের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। অন্যথায় বড় কোনো দুর্যোগের সময় আগাম সতর্কতা ব্যবস্থার সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তাপপ্রবাহের মধ্যে লঘুচাপে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা: আবহাওয়া অফিস

আষাঢ়ের খরতাপে অস্বস্তি, লঘুচাপে ভারী বৃষ্টির পূর্বাভাস

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে বৃষ্টি বাড়বে, গরমের অস্বস্তি কাটবে শিগগির

ভ্যাপসা গরমের অস্বস্তি কাটবে শিগগিরই, সারা দেশে বৃষ্টি বাড়বে রোববার থেকে

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যেই ১৬ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস