হোম > প্রকৃতি ও পরিবেশ

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

আমার দেশ অনলাইন

পরিবেশদূষণ মোকাবিলা এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে সবুজ প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পুনর্ব্যবহার, ব্যাপক বৃক্ষরোপণ ও দূষিত জমি পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়েছেন নাইজেরিয়ার এক অধ্যাপক। তার মতে, সঠিক বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রকৃতিনির্ভর উদ্যোগের মাধ্যমে পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডকেও পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের সুযোগে পরিণত করা সম্ভব।

নাইজেরিয়ার ওগুন রাজ্যের ফেডারেল ইউনিভার্সিটি অব অ্যাগ্রিকালচার, আবেওকুটার (ফুনাআব) অধ্যাপক বাবাতুন্দে বাদা বিশ্ববিদ্যালয়টির ১১৬তম উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন। ‘টেকসই ভবিষ্যৎ পরিবেশের জন্য সবুজ প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক বক্তৃতায় তিনি পরিবেশদূষণের বিভিন্ন কারণ তুলে ধরার পাশাপাশি তা মোকাবিলায় বেশ কিছু কার্যকর উদ্যোগের প্রস্তাব দেন।

অধ্যাপক বাদা বলেন, যানবাহনের ধোঁয়া, তেল ছড়িয়ে পড়া, খননকাজ, পাথর উত্তোলন, যত্রতত্র বর্জ্য ফেলা, পোলট্রি খামার এবং সিমেন্ট উৎপাদন পরিবেশদূষণের অন্যতম প্রধান উৎস। এসব কর্মকাণ্ডের ফলে ভারী ধাতু ও গ্রিনহাউস গ্যাসের মতো ক্ষতিকর পদার্থ মাটি, পানি ও বায়ুর গুণগত মানের জন্য হুমকি তৈরি করছে।

দূষণ কমাতে উন্নত স্যানিটেশন ব্যবস্থা, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা, শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণ এবং ব্যাপক বৃক্ষরোপণের পরামর্শ দেন তিনি। কার্বন শোষণ ও বায়ুর মান উন্নয়নে আম, হোয়াইট টিক এবং মাস্কেরেড গাছ লাগানোর ওপরও গুরুত্ব দেন এই অধ্যাপক।

বর্জ্য থেকে সম্পদ তৈরির সম্ভাবনা

বর্জ্যকে অপ্রয়োজনীয় উপাদান হিসেবে বিবেচনা না করে সম্পদে রূপান্তরের আহ্বান জানান অধ্যাপক বাদা। তিনি বলেন, বাজারের আবর্জনা, পশুর গোবর এবং কৃষিজ বর্জ্য প্রক্রিয়াজাত করে কৃষি, জ্বালানি উৎপাদন ও শিল্পের কাজে লাগানো সম্ভব।

তার মতে, জৈব বর্জ্য থেকে তৈরি কম্পোস্ট অনুর্বর ও ক্ষয়প্রাপ্ত মাটির উর্বরতা ফিরিয়ে আনতে পারে। এতে ফসলের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের পাশাপাশি রাসায়নিক সারের ওপর নির্ভরশীলতাও কমানো সম্ভব।

উদ্ভিদনির্ভর দূষণমুক্তকরণ পদ্ধতির সম্ভাবনা তুলে ধরে তিনি কেনাফ চাষের কথা বলেন। তাঁর মতে, পেট্রোলিয়ামজাত পদার্থ এবং ক্যাডমিয়াম, সিসা, তামা, ক্রোমিয়াম ও জিঙ্কের মতো ভারী ধাতুতে দূষিত মাটি পুনরুদ্ধারে কেনাফ কার্যকর ভূমিকা রাখতে পারে।

অধ্যাপক বাদা জানান, গরু ও শূকরের গোবর এবং প্রক্রিয়াজাত বাজারবর্জ্য ব্যবহার করে তেলদূষিত মাটি থেকে মোট পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের সর্বোচ্চ ৯৯ দশমিক ৯৯ শতাংশ পর্যন্ত অপসারণের কার্যকারিতা পাওয়া গেছে। তার মতে, এ ফলাফল পরিবেশ পুনরুদ্ধারে সহজলভ্য জৈব উপাদান ব্যবহারের সম্ভাবনা তুলে ধরে।

কৃষি ও শিল্পবর্জ্যের পুনর্ব্যবহার

কৃষি ও শিল্পবর্জ্যকে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরের সুযোগও তুলে ধরেন এই অধ্যাপক। তিনি জানান, ভুট্টার খোসা ও আনারসের মুকুট কাগজ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, পুনর্ব্যবহৃত পলিইথিলিন টেরেফথ্যালেট (পিইটি) প্লাস্টিক সড়ক নির্মাণের বিটুমিন বা অ্যাসফল্টের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এর বৈশিষ্ট্যের উন্নতি হতে পারে। একই সঙ্গে প্লাস্টিক বর্জ্যের বিকল্প ব্যবহারও নিশ্চিত হবে।

তিনি আরো বলেন, বায়োডাইজেস্টারে পশুর বর্জ্য ও পাম অয়েল মিলের তরল বর্জ্য একসঙ্গে প্রক্রিয়াজাত করে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। এ প্রক্রিয়ায় জ্বালানি পাওয়ার পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ তরল সারও তৈরি হয়। এতে বর্জ্যের পরিমাণ ও গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো সম্ভব।

পরিবেশ আইন প্রয়োগে জোর

পরিবেশ সুরক্ষায় আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে অধ্যাপক বাদা নাইজেরিয়ার জাতীয় পরিবেশগত মান ও বিধি প্রয়োগ সংস্থা (নেসরিয়া), রাজ্য পর্যায়ের পরিবেশ সুরক্ষা সংস্থা এবং স্থানীয় সরকারগুলোকে আরো সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

বর্জ্য ফেলা, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার তরল বর্জ্য এবং খননকাজের ক্ষেত্রে বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান, পরিবহন খাতের উদ্যোক্তা এবং অন্যান্য বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিজেদের কর্মকাণ্ডের কারণে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ পুনরুদ্ধারের ব্যয় বহনের আহ্বান জানান।

সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন তিনি। তার মতে, বাজার, আবাসিক এলাকা ও প্রধান সড়কের পাশে সবুজ এলাকা, বৃক্ষরোপণের করিডর এবং নির্দিষ্ট বর্জ্য সংগ্রহের স্থান গড়ে তোলা প্রয়োজন।

পেট্রোলিয়াম ও ভারী ধাতুতে দূষিত মাটি পুনরুদ্ধারে কেনাফের কিউবা ১০৮ জাত এবং উপযোগী অন্যান্য জাত ব্যবহারের সুপারিশ করেন অধ্যাপক বাদা। একই সঙ্গে নাইজেরিয়ার জাতীয় তেল নিঃসরণ শনাক্তকরণ ও প্রতিক্রিয়া সংস্থার (নসড্রা) পরিচালনা পর্ষদকে তেল কোম্পানিগুলোর জন্য প্রণীত নির্দেশিকায় জৈব বর্জ্যভিত্তিক দূষণমুক্তকরণ পদ্ধতি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সুপেয় পানির নিরাপত্তায় ৫০ মিটার দূরত্বের সুপারিশ

জনস্বাস্থ্য সুরক্ষায় ময়লার ভাগাড়, সেপটিক ট্যাংক ও হাতে খনন করা নলকূপ বা কূপের মধ্যে অন্তত ৫০ মিটার দূরত্ব রাখার সুপারিশ করেন তিনি। পাশাপাশি পৌরসভার ময়লার ভাগাড়ের আশপাশের ভূগর্ভস্থ পানির মান নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা চালু করতে রাজ্য পরিবেশ সুরক্ষা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

সবুজ প্রযুক্তির গবেষণা, উদ্ভাবন ও বাণিজ্যিক ব্যবহার বাড়াতে নাইজেরিয়ার কেন্দ্রীয় ও রাজ্য সরকার, বেসরকারি সংস্থা এবং টারশিয়ারি এডুকেশন ট্রাস্ট ফান্ডের (টেটফান্ড) সহায়তা বাড়ানোর আহ্বান জানান অধ্যাপক বাদা। বিশেষ করে জীবপ্রযুক্তিনির্ভর দূষণমুক্তকরণ, বর্জ্য পুনর্ব্যবহার এবং জলবায়ু-সহনশীল কৃষিতে বিনিয়োগের ওপর জোর দেন তিনি।

বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পপ্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী ও সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, গবেষণার ফলাফলকে বাস্তব ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানে রূপ দিতে হবে। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ সম্ভব হবে।

এর আগে উদ্বোধনী বক্তৃতার সূচনাপর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বাবাতুন্দে কেহিন্ডে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। পরিবেশ ব্যবস্থাপনায় অধ্যাপক বাদার দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পরিচিতি দেশ-বিদেশে বাড়াতে তার অবদানের প্রশংসা করেন তিনি।

সূত্র: নাইজেরিয়ার দ্য গার্ডিয়ান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম

নভেম্বরের শুরুতে বাড়তে পারে শীতের অনুভূতি

যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

অর্ণবের প্রভাবে ভারতের ৪ রাজ্যে আকস্মিক বন্যার শঙ্কা, ভোর পর্যন্ত সতর্কতা

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার