বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৩৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত লাইভ সূচকে বিশ্বের ১১৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল প্রথম। এই সূচক তাৎক্ষণিকভাবে বিভিন্ন শহরের বাতাসের মান নির্ধারণ করে জানিয়ে থাকে।
ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর, যেখানে একিউআই ছিল ২৩২। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি, শহরটির স্কোর ১৯৬। দূষিত শহরের তালিকায় এরপর রয়েছে বেইজিং, কলকাতা এবং কাঠমান্ডু।
অন্যদিকে, একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল বাটাম। তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, স্যান ফ্রান্সিসকো ও অস্ট্রেলিয়ার ক্যানবেরা।
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বায়ুদূষণের এমন পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত রোগে মারা যায় বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।