জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তিনটি নাগরিক সংগঠন। একই সঙ্গে বড় নিঃসরণকারী দেশগুলোকে ২০৩০ সালের আগেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমানো এবং অগ্রগতি সম্পর্কে নিয়মিত জনসমক্ষে প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে তারা।
তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর যৌথ সংবাদ সম্মেলনে গত শনিবার রাতে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজক সংগঠনগুলো হলো—জলবায়ু ন্যায়বিচার ফোরাম (সিজেএফ), অর্গানাইজেশন ফর সোশিও-ইকোনমিক ডেভেলপমেন্ট (এওএসইডি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রি ইআর)।
সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোকে প্রশমন, অভিযোজন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় (লস অ্যান্ড ড্যামেজ) পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও প্রধানত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে অর্থায়ন পরিকল্পনা প্রণয়ন, ব্যয়ের পর্যালোচনা এবং অর্থের সুফল প্রকৃতপক্ষে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, তা মূল্যায়নের প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানানো হয়।
বাংলাদেশের স্বাস্থ্য খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জাতীয় স্বাস্থ্য অভিযোজন পরিকল্পনা (এইচএনএপি) ২০২৬-৩১ পর্যন্ত বাস্তবায়নে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। পাঁচ বছর মেয়াদি এ পরিকল্পনায় বন্যার সময় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সচল রাখা, জলবায়ু-সংবেদনশীল রোগ দ্রুত শনাক্ত করা এবং তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিথ্রি ইআরের এক গবেষণায় এ অর্থায়নের চারটি সম্ভাব্য উৎস চিহ্নিত করা হয়েছে। গত ১৭ অক্টোবর ঢাকার ব্র্যাক সেন্টারে প্রকাশিত গবেষণা অনুযায়ী, সরকারি দেশীয় বাজেট থেকে ৩৮ কোটি ডলার এবং নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, ড্রেনেজ ও বন্যাসহিষ্ণু অবকাঠামোর মতো স্বাস্থ্যসংশ্লিষ্ট খাতে বিনিয়োগ থেকে আরো ৩৬ কোটি ডলার সংগ্রহ করা সম্ভব। অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে মোট ৭৪ কোটি ডলার পাওয়া গেলে পরিকল্পনার প্রায় ৫৩ শতাংশ ব্যয় মেটানো যাবে।
অবশিষ্ট ৬৬ কোটি ডলারের মধ্যে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ৫২ কোটি এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ১৪ কোটি ডলার সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। গবেষণায় এসব অর্থায়নকে সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিথ্রি ইআরের উপপরিচালক রওফা খানম বলেন, সরকারি বাজেট বরাদ্দ, স্বাস্থ্য খাতের রাজস্ব এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশের মতো আন্তঃখাতভিত্তিক বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরীণ উৎস থেকে ৭৪ কোটি ডলার সংগ্রহ করতে পারে। তবে বাকি ৬৬ কোটি ডলারের জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে ১৪ কোটি ডলার অনুদান হিসেবে সংগ্রহ করা জরুরি। এতে দেশের ঋণের বোঝা বাড়বে না। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অভিযোজন পরিকল্পনার প্রতিশ্রুতি বাস্তবায়নে পূর্বানুমানযোগ্য, সহজলভ্য ও অনুদানভিত্তিক সহায়তা প্রয়োজন।
গবেষণায় বলা হয়েছে, স্বাস্থ্য অভিযোজন পরিকল্পনার মোট ব্যয়ের ৬৯ শতাংশ বা ৯৬ কোটি ৬০ লাখ ডলার চারটি অগ্রাধিকার খাতে ব্যয় করা হবে। এর মধ্যে জলবায়ুসহিষ্ণু ও স্বল্প কার্বন নিঃসরণকারী স্বাস্থ্য অবকাঠামো, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থার উন্নয়নে ৩৫ কোটি ডলার, ঝুঁকি পর্যবেক্ষণ ও আগাম সতর্কবার্তা ব্যবস্থায় ২৬ কোটি ৬০ লাখ, স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়াতে ২১ কোটি এবং নেতৃত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় ১৪ কোটি ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।
অর্থায়নের সম্ভাব্য উৎস হিসেবে গ্রিন ক্লাইমেট ফান্ড, অ্যাডাপটেশন ফান্ড ও লিস্ট ডেভেলপড কান্ট্রিজ ফান্ডের অনুদানের কথা উল্লেখ করা হয়েছে।
পরিকল্পনা বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠন, নতুন স্বাস্থ্য প্রকল্পে জলবায়ু ঝুঁকি মূল্যায়ন এবং জলবায়ু ও স্বাস্থ্য খাতের ব্যয়ের হিসাব রাখতে সরকারি হিসাব ব্যবস্থায় পৃথক কোড চালুর সুপারিশ করেছে সিথ্রি ইআর।
২০৩০ এর আগেই নিঃসরণ কমানোর দাবি
বক্তারা বলেন, জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন বাংলাদেশের বর্তমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াবে। তবে ভবিষ্যতে এসব ঝুঁকি আরো বেড়ে যাওয়া ঠেকাতে বড় নিঃসরণকারী দেশগুলোকে এখনই গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।
এওএসইডির নলেজ ম্যানেজমেন্ট টিম লিড এমডি সালাহ উদ্দিন বলেন, বড় নিঃসরণকারী দেশগুলো শুধু দূরবর্তী সময়ে নিট-শূন্য নিঃসরণের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব এড়াতে পারে না। ২০৩০ সালের আগেই তাদের অর্থবহ ও পরিমাপযোগ্য হারে নিঃসরণ কমাতে হবে।
এ জন্য স্বল্পমেয়াদি জলবায়ু লক্ষ্যমাত্রা জোরদার, খাতভিত্তিক নিঃসরণ হ্রাসের অর্থায়নসহ বাস্তবায়ন পরিকল্পনা প্রকাশ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়ায়—এমন নতুন নীতি ও উদ্যোগ বন্ধ করা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বড় নিঃসরণকারী দেশগুলোকে প্রতি বছর প্রকৃত নিঃসরণ হ্রাসের পরিমাণ প্রকাশ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করার পাশাপাশি ঘাটতি পূরণে কী ধরনের সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা-ও জানাতে হবে। নিঃসরণ-সংক্রান্ত তথ্য সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীন পর্যালোচনার আওতায় রাখতে হবে। কার্বন ক্রেডিট যেন দূষণ অব্যাহত রাখার অজুহাত হয়ে না ওঠে, সেটিও নিশ্চিত করতে হবে।
আয়োজক সংগঠনগুলো বলেছে, জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে ভূমির অধিকার, শোভন কর্মসংস্থান ও সাশ্রয়ী বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি। ঐতিহাসিকভাবে বেশি দায়ী, বর্তমানে সর্বাধিক নিঃসরণকারী এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা রয়েছে—এমন দেশগুলোকেই নিঃসরণ কমানোর প্রধান দায়িত্ব নিতে হবে।
সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে ২০৩০ সালের আগেই বড় নিঃসরণকারী দেশগুলো কী পদক্ষেপ নেবে, তাদের অগ্রগতি কীভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করা হবে এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের জাতীয় অভিযোজন পরিকল্পনার মতো অগ্রাধিকার বাস্তবায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলো কখন প্রয়োজনীয় অর্থায়ন পাবে, তা সুস্পষ্টভাবে উল্লেখ করার আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।