হোম > প্রকৃতি ও পরিবেশ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের ব্যবধানে আবারও ঘূর্ণিঝড়ের মুখে পড়তে যাচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘মুরাসু’। ঘূর্ণিঝড়টি আজ সোমবার রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কম।

আবহাওয়াবিদেরা বলছেন, আগের ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ তুলনায় মুরাসুর প্রভাব বাংলাদেশে অনেক কম হতে পারে।

গত ২৭ অক্টোবর অন্ধ্র উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় অর্ণব। এর নাম দিয়েছিল বাংলাদেশ। আর মুরাসু নামটি দিয়েছে ভারত। ‘মুরাসু’ একটি তামিল শব্দ। এর অর্থ বিশাল আকারের ড্রাম বা রণঢাকজাতীয় বাদ্যযন্ত্র। দুর্যোগের খবর বা গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে মানুষকে সতর্ক করতে এই বাদ্যযন্ত্র বাজানো হয়। অনেক সময় একে যুদ্ধের বাদ্য হিসেবেও বিবেচনা করা হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের ৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-

মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো শক্তিশালী হয়েছে। সোমবার ভোররাত ৩টায় এর অবস্থান ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮২ দশমিক ৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তখন এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেছেন, আগের ঘূর্ণিঝড় অর্ণব যেখানে আঘাত হেনেছিল, মুরাসু তার চেয়ে অনেকটা উত্তরে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। আজ রাত নাগাদ এটি উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরিমাণ বেশি না হলেও কয়েক দিনের তাপপ্রবাহ কমে গিয়েছিল। তবে এবার মুরাসুর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলে জানান ওমর ফারুক।

তার ভাষ্য, আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা কম। বাংলাদেশের উপকূল থেকে মুরাসুর সম্ভাব্য আঘাত হানার স্থান অনেক দূরে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে গরম অব্যাহত রয়েছে। গত মাসে কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের কুতুবদিয়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এএম

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম

নভেম্বরের শুরুতে বাড়তে পারে শীতের অনুভূতি

যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

অর্ণবের প্রভাবে ভারতের ৪ রাজ্যে আকস্মিক বন্যার শঙ্কা, ভোর পর্যন্ত সতর্কতা

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাতাসের গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

মধ্যরাতেই প্রবল রূপ নেবে ঘূর্ণিঝড়, উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদে