হোম > মতামত > উপসম্পাদকীয়

হরমুজ প্রণালির শেষ দৃশ্যটা কেমন হতে পারে

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। ওদিকে ট্রাম্প প্রশাসনও তেহরানকে কোণঠাসা করতে অর্থনৈতিক চাপ আরো বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় পুরোনো প্রশ্নটাই আবার সামনে চলে এসেছে। হরমুজ প্রণালির ভাগ্যে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের প্রতিরোধ ভাঙতে শেষ চেষ্টা হিসেবে আবার যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন। তবে এখন মনে হচ্ছে তিনি সামরিক পথ থেকে সরে এসেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এমন ইঙ্গিতই দিয়েছেন। তার মতে, নৌ-অবরোধ ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ এবং ইরানের স্থলবাণিজ্য অবরোধ ‘আয়রন গেট’-এর সাঁড়াশি চাপেই তেহরান প্রশাসনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। এমনকি ইসরাইলি নেতাদের ক্রুদ্ধ ফোনকলও বোধহয় আর যুদ্ধের দামামা বাজাতে পারছে না।

এর অর্থ হলো, ইরানের আগেকার ‘ধ্বংস হয়ে যাওয়া’ পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো স্বল্পমেয়াদি কূটনীতির সুযোগ নেই। বরং সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথটি শেষ পর্যন্ত কার নিয়ন্ত্রণে থাকবে।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের সমুদ্রপথে রপ্তানি হওয়া তেলের ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে যেত। এর আগে এটি কখনো পুরোপুরি বন্ধ হয়নি। যদিও আশির দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ‘ট্যাংকার যুদ্ধ’-এর কারণে এখানকার জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছিল। কিন্তু এবার বছরের বেশিরভাগ সময়েই প্রণালিটি বন্ধ ছিল। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন নৌবাহিনীর প্রচেষ্টা, নাবিকদের অদম্য সাহস আর জাহাজ কোম্পানিগুলোর বিশাল খরচের বিনিময়ে পথটি কোনোমতে খোলা সম্ভব হয়েছে। হরমুজ প্রণালি এবং পুরো মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ এখন গড়পড়তা যুদ্ধের আগের অবস্থাতেই ফিরে এসেছে। এর সঙ্গে ওয়াশিংটনের সুর নরম হওয়ায় গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১৪ থেকে কমে ৯০ ডলারের কোঠায় নেমে এসেছে।

কিন্তু এর মানে এই নয় যে সবকিছু পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছে। শরতের শুরুর দিকে জাহাজ ভাড়া যে আকাশচুম্বী হয়েছিল, তা কিছুটা কমেছে ঠিকই। তবু তা যুদ্ধের আগের তুলনায় এখনো কয়েকগুণ বেশি। প্রণালি পার হওয়া তেলের ট্যাংকার ও অন্যান্য জাহাজে ইরানের হামলা এখনো থামেনি। গত ২৪ ঘণ্টাতেই এমন দুটি হামলার ঘটনা ঘটেছে। পারস্য উপসাগর থেকে তেল ঠিকই বের হচ্ছে। কিন্তু তা মোটেও নির্বিঘ্নে নয়।

৯ মাস ধরে চলা এই সংঘাতের যদি কোনো আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়, তবে হরমুজ প্রণালিতে ভবিষ্যতে জাহাজ চলাচলের নিয়মকানুন কী হবে, তা ঠিক করতেই হবে। জুলাই মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক হয়েছিল, সেখানে এই প্রশ্নটি এড়িয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি তো আর অনন্তকাল ঝুলিয়ে রাখা যায় না। একদিকে, বিশ্বের অর্থনীতির এই প্রধান ধমনি চেপে ধরার ক্ষমতাটি হঠাৎ করেই ইরানের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে। তারা নিশ্চয়ই এটি সহজে ছেড়ে দেবে না। অন্যদিকে, সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্বও কমে আসছে। আগামী বছরগুলোতে এর কদর আরো কমবে। সৌদি আরব এই প্রণালি এড়িয়ে স্থলপথে তেল নেওয়ার পাইপলাইন বাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতও তাই করেছে। এর মানে হলো, এই সরু ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথটির ওপর নির্ভরতা এখন আগের চেয়ে কম।

মার্কিন নেভাল ওয়ার কলেজের সমুদ্র আইনবিষয়ক অধ্যাপক জেমস ক্রাস্কা বলেন, ‘ইরানের কাছে এই প্রণালিটি এমন এক সম্পদ, যার মূল্য দিন দিন কমছে।’

হরমুজ প্রণালির জন্য একটি টেকসই ভবিষ্যতের পথ কীভাবে তৈরি করা যায়, তা নিয়ে ক্রাস্কার কিছু ভাবনা আছে। আন্তর্জাতিক আইন, অতীতে পরাশক্তিগুলোর মুখোমুখি অবস্থানের অভিজ্ঞতা এবং মালাক্কা প্রণালিসহ বিশ্বের অন্যান্য জলপথ পরিচালনার বর্তমান নিয়মকানুন থেকে তিনি এই ধারণা নিয়েছেন। এ বছরের শুরুর দিকে তিনি বেশ বিস্তারিতভাবেই নিজের এই ভাবনার কথা তুলে ধরেছিলেন।

তার প্রস্তাবিত ‘হরমুজ ঘোষণা’-এর মূল কথা হলো, যুদ্ধের পর বিশ্ব অর্থনীতির এই গুরুত্বপূর্ণ প্রবেশপথে ইরান কিছুটা নিয়ন্ত্রণ রাখতে চাইবে। এই বাস্তবতা মেনে নিতে হবে। তবে ইরান একা এর সবকিছুর নিয়ন্ত্রক হতে পারবে না। হরমুজের সরু জলপথটি ইরান ও ওমানের জলসীমার মধ্যে পড়েছে। তাই যুদ্ধ-পরবর্তী যেকোনো চুক্তিতে এই দুই দেশকে সবার আগে রাখতে হবে। তবে এই জলপথের ওপর নির্ভরশীল বড় শক্তিগুলোর সমর্থনও সেখানে থাকতে হবে। যেমন চীন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ।

বাস্তবে এর অর্থ দাঁড়াবে যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাওয়া। অর্থাৎ, এখনকার মতো ড্রোন, মাইন আর ক্ষেপণাস্ত্রের ভয়ে ইরান বা ওমানের উপকূল ঘেঁষে না চলে, জাহাজগুলো আবার কোনো হুমকি বা শুল্ক ছাড়াই প্রণালির মাঝখান দিয়ে নির্ভয়ে চলাচল করবে।

ক্রাস্কার মতে, প্রণালিতে টোল বসানোর যে পরিকল্পনা ইরান করেছে, তা মোটেও ভালো বুদ্ধি নয়। এই পরিকল্পনা অনুযায়ী, প্রণালি পার হওয়া প্রতিটি ট্যাংকার থেকে লাখ লাখ ডলার নেওয়া হবে, যা থেকে বছরে কয়েক বিলিয়ন ডলার আয় হতে পারে। এর চেয়ে তেহরানের জন্য অনেক বেশি লাভজনক পথ খোলা আছে। বিদেশে তাদের জব্দ হওয়া সম্পদ ফেরত পাওয়া এবং বিশ্ব অর্থনীতিতে আবার যুক্ত হওয়া। যে দেশে এখন আমদানির তীব্র সংকট আর বছরে প্রায় ১৪০ শতাংশ মূল্যস্ফীতি চলছে, তাদের জন্য এটিই সবচেয়ে বেশি জরুরি।

ক্রাস্কা বলেন, ‘আমি মনে করি, আমি যে হরমুজ ঘোষণা এবং সহযোগিতার কাঠামোর প্রস্তাব দিয়েছি, তা একটি ভালো শুরু হতে পারে। সত্যি বলতে এটিই একমাত্র পথ। তবে এর জন্য ইরানকে এমন কিছু দিতে হবে, যাতে তারা মনে করে আলোচনার টেবিলে বসার মতো যথেষ্ট সুযোগ তাদের আছে। এমন চুক্তিতে দুই পক্ষেরই আর্থিক লাভ স্পষ্ট। আর এতে ইরানের সম্মানও বজায় থাকবে।’

বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় বেশিরভাগ দেশের তেল কোনো না কোনোভাবে ঠিকই বেরিয়ে যাচ্ছে। অথচ ইরানের নিজের তেল রপ্তানি প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আলোচনার মাধ্যমে হরমুজ পরিচালনার একটি আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি হলে সব তেল রপ্তানিকারক দেশেরই খরচ কমবে। সেই সঙ্গে ইরানের তেলও আবার বিশ্ববাজারে ফিরতে পারবে।

তবে এমন চুক্তির পথে এখন সবচেয়ে বড় বাধা হলো ইরানের অনড় অবস্থান। গ্রীষ্মকালে ট্রাম্প যেসব শর্তে সই করেছিলেন, ইরান সেগুলো পুরোপুরি মেনে নেওয়ার দাবিতে অটল আছে। এর মধ্যে রয়েছে নৌ-অবরোধ তুলে নেওয়া, এই অঞ্চল থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহার এবং লেবাননের মতো অন্যান্য ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও যুদ্ধ-পরবর্তী সময়ে হরমুজ প্রণালির বিষয়ে ইরানকে কোনো ধরনের ভেটো ক্ষমতা দিতে নারাজ। যদিও যুদ্ধের আগের অবস্থায় পুরোপুরি ফিরে যাওয়া এখন আর সম্ভব নয়। মূলত এই অচলাবস্থার কারণেই বড় ধরনের যুদ্ধ বন্ধ হওয়ার পরও তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে আটকে আছে।

মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, টানা অর্থনৈতিক চাপে ইরানের নেতৃত্ব শেষ পর্যন্ত ভেঙে পড়বে। কিন্তু ইরান অর্ধশতাব্দী ধরে নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক একঘরে অবস্থার সঙ্গে লড়াই করে টিকে আছে। তাই ক্রাস্কা এ বিষয়ে ঠিক নিশ্চিত নন। হতে পারে, এখনকার এই ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ অবস্থাই নতুন স্বাভাবিক নিয়মে পরিণত হবে। এতে বাজার সবসময় অস্থির থাকবে এবং তেলের দামও বেশ চড়া থাকবে। কিন্তু পরিস্থিতি পূর্ণাঙ্গ শান্তির দিকেও যাবে না, আবার বড় কোনো যুদ্ধেও রূপ নেবে না।

ক্রাস্কা বলেন, ‘অদূর ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে, তার সবচেয়ে বড় ইঙ্গিত এখনকার পরিস্থিতির মধ্যেই আছে। ব্যাপারটা অনেকটা নিয়মিত ঘাস ছেঁটে রাখার মতো। আমার মনে হয়, আগামী এক-দুই বছর আমরা এভাবেই জোড়াতালি দিয়ে চলতে থাকব, কিন্তু কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারব না। কারণ ইরানের ক্ষেত্রে আমরা দেখেছি, কোনো সমাধানে পৌঁছালেও তা মেনে চলার ক্ষেত্রে তাদের বড় ধরনের সমস্যা থাকে।’

ফরেন পলিসি থেকে ভাষান্তর জুলফিকার হায়দার

এসপির ‘বাংলাদেশ উদ্ধার’ ও খুনির আস্ফালন

বাংলাদেশের জন্য ইসলামি অর্থায়নের সুযোগ

মানুষের স্বস্তি কোথায়

কোন বা পথে বাংলাদেশে যাই

আমাদের ইতিহাসের নির্মম ঘটনাবলি

ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র

চার স্বৈরতন্ত্রে বিশ্ব টালমাটাল, বাংলাদেশ কোথায়?

ফ্যাসিজম, ভয়, গণমাধ্যম ও ক্ষমতাকেন্দ্র

পাহাড়ে স্থায়ী শান্তি: কোন পথে বাংলাদেশ

মাদকের মহারথীদের কাছে মন্ত্রীরা নস্যি!