হোম > মতামত > উপসম্পাদকীয়

এসপির ‘বাংলাদেশ উদ্ধার’ ও খুনির আস্ফালন

এম আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

গতকাল সকালে ফেসবুক খুলে দেখি বিএনপির একজনের ওয়ালে ভাসছে ‘কট’। খোঁজ নিয়ে জানলাম, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে পলাতক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তার বিরুদ্ধে। শনিবার রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় হালিশহর এলাকার জেলা পুলিশ লাইনসের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্র জানিয়েছে, জাহাংগীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। এছাড়া দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পুলিশ বাহিনীর উচ্চপদস্থ এই কর্মকর্তা শুধু ব্যক্তিগত ও দাপ্তরিক ফোনে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগই রাখেননি, বরং ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো মাঠে নামবে’ এবং ‘বাংলাদেশকে উদ্ধার করতে হবে’Ñএমন বার্তা দিয়ে সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন।

গ্রেপ্তার করা এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। এর আগে গত ১০ নভেম্বর অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাংগীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রামের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেড় দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরে থাকা ফ্যাসিবাদী ব্যবস্থার শিকড় যে এখনো শক্তপোক্তভাবেই বিস্তৃত রয়েছে, সাম্প্রতিক অনেকগুলো ঘটনা তারই স্পষ্ট প্রমাণ। জনপ্রশাসন ও পুলিশ বাহিনীতে পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার বিশ্বস্ত ও আওয়ামী জমানায় সুবিধাভোগী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রায়ই ক্ষোভ-অসন্তোষ দেখা যাচ্ছে। সরকারি দল বিএনপির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ তৃণমূল নেতাকর্মীরাও এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। এই বিতর্ক ও ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের গ্রেপ্তারের ঘটনা।

প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা প্রতিবিপ্লবী চক্রের সক্রিয়তার অশনিসংকেত হিসেবে দেখা যেতে পারে এসব অন্তর্ঘাতমূলক তৎপরতা। প্রশ্ন উঠছে, যেসব কর্মকর্তা বিগত স্বৈরাচারী আমলে দলীয় ক্যাডারের মতো আচরণ করেছেন, বিরোধী মত দমনে অগ্রণী ভূমিকা রেখেছেন এবং সুবিধা নিয়েছেন, তারা কীভাবে এখনো বাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটে বহাল তবিয়তে থাকেন? অভিযোগ রয়েছে, সরকার ও প্রশাসনের প্রভাবশালী একটি অংশকে ‘ম্যানেজ’ করে এবং লবিংয়ের মাধ্যমে অতীতের বিতর্কিত কর্মকর্তারা ফের গুরুত্বপূর্ণ স্টেশন বা ‘প্রাইজ পোস্টিং’ বাগিয়ে নিচ্ছেন। এ জন্য সীমান্তের বাইরে থেকে মোটা অঙ্কের অর্থ সরবরাহ করা হচ্ছে। দেড় দশকে লুটের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে পদ-পদবি বাগিয়ে শেখ হাসিনার পক্ষে কাজ করার নীলনকশার অংশ হিসেবেই এসব হচ্ছে বলে ওয়াকিবহাল সূত্রগুলো বলছে। অন্যদিকে, বিগত আমলে বঞ্চনার শিকার যোগ্য কর্মকর্তারা এখনো কোণঠাসা হয়ে আছেন, যা পুরো প্রশাসনে এক ধরনের চাপা অস্থিরতা ও মনোবলহীনতা তৈরি করছে।

সরকারি দলের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়ায় মূলত এই আত্মঘাতী নীতির বিরুদ্ধেই সতর্কবার্তা উচ্চারিত হচ্ছে। একটি বিপ্লব বা গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রশাসনিক সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পুরোনো শাসকগোষ্ঠীর অনুগত আমলা ও পুলিশ কর্মকর্তাদের হাতে রাষ্ট্রের নিরাপত্তার চাবিকাঠি রেখে দিলে তা যেকোনো সময় সরকারের জন্য বুমেরাংই শুধু নয়, ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এসপি জাহাংগীর আলমের ঘটনাটি প্রমাণ করেছে, গুরুত্বপূর্ণ পদ-পদবি পেলেও আদর্শিক আনুগত্যের জায়গা থেকে এই কর্মকর্তারা সরে আসেননি; বরং সুযোগের অপেক্ষায় থেকে ভেতর থেকে রাষ্ট্রকে অস্থিতিশীল করার তথ্য পাচার করছেন।

এর আগেও একাধিক লেখা সরকারকে সজাগ করার চেষ্টা করেছি। বিদ্যমান পরিস্থিতিতে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রশাসনের শুদ্ধি অভিযানকে আরো বেগবান ও স্বচ্ছ করা। গোয়েন্দা নজরদারি এবং অতীতের আমলনামা যাচাই-বাছাই ছাড়া কাউকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এসপি জাহাংগীর আলমের গ্রেপ্তারকে একটি সতর্কঘণ্টা হিসেবে নিয়ে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, সরকারের শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের এই ক্ষোভ যেমন সরকারের রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করবে, তেমনি প্রশাসনের ভেতর থেকে সৃষ্ট ষড়যন্ত্র জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে।

সরিষায় ভূত সম্পর্কে সজাগ থাকতে হবে। খোদ গোয়েন্দা সংস্থাগুলোতে এখনো শেখ হাসিনার অনুগতদের ছড়াছড়ি। দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতারা গোয়েন্দা সংস্থাগুলোতে এখনো বহাল তবিয়তে থাকায় তারা দো-ধারি তরবারির মতো বিপজ্জনক ভূমিকা পালন করছে। একদিকে মিত্রদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে সরকার ও ক্ষমতাসীন দলকে বন্ধুহীন এবং নিঃসঙ্গ করতে পারে আবার কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রমের তথ্য যথাসময়ে না দিয়ে বিপদে ফেলতে পারে। এরই মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আবার জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ও সক্রিয়দের গতিবিধির তথ্য সীমানার বাইরে বা নাশকতাকারীদের কাছে দিয়ে তাদের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে গোয়েন্দা সংস্থার হাসিনা অন্তঃপ্রাণ কোনো কোনো সদস্য। এসব ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোতে দ্রুত নতুন নিয়োগ দেওয়া জরুরি।

জিয়াউল আহসানের ঔদ্ধত্য

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত আলোচিত ও ভয়ংকর চরিত্র বরখাস্ত করা মেজর জেনারেল জিয়াউল আহসান। দীর্ঘকাল ধরে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোর শীর্ষপদে ও ক্ষমতার কেন্দ্রের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকা এই ব্যক্তি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আদালতের আঙিনায় সদম্ভে চলাফেরা করেন এবং আত্মবিশ্বাসী সুরে বিজয়ী হওয়ার ঘোষণা দেন, তখন তা সাধারণ মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দেয়। দুদিন আগে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ মামলায় আদালতে আসা-যাওয়ার সময় তার আচরণ তোলপাড় সৃষ্টি করেছে।

কিলার জিয়ার এই সদম্ভ আচরণ শুধু একজন ব্যক্তির দাম্ভিকতা নয়; এটি বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতি এবং ক্ষমতার নিষ্ঠুর অপব্যবহারের এক মূর্ত প্রতীক। আরো উদ্বেগের দিক হলো, সানগ্লাস পরে বুক ফুলিয়ে সদর্পে হাঁটার সময় পাশে থাকা এক পুলিশ কর্মকর্তার মুখে ‘ইনশাআল্লাহ’ ধ্বনির মাধ্যমে খুনির আস্ফালনে উৎসাহ জোগানোর দৃশ্য। এটা রাষ্ট্রীয় ব্যবস্থার ভঙ্গুর ও পুলিশি সংস্কৃতির গলদকেই স্পষ্টভাবে উন্মোচন করে।

পতিত শেখ হাসিনার সামরিক উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকীর তত্ত্বাবধানে মেজর জেনারেল জিয়াউল আহসানের দেড় দশকের কর্মজীবন এবং তার ক্ষমতার পরিধি বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার অধ্যায়। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমন-পীড়নের অসংখ্য গুরুতর অভিযোগে তার বিচার চলছে। কয়েক দিন আগে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে পিলখানা হত্যার চাক্ষুষ সাক্ষীদের কীভাবে একে একে হত্যা করে সাগরে মাছের পেটে পাঠিয়েছে এই নরপিশাচ জিয়া। ক্ষমতার এমন এক ব্লকে তার অবস্থান ছিল, যেখানে আইন বা জবাবদিহির তোয়াক্কা না করে যেকোনো আদেশ বাস্তবায়ন করা হতো। ইলিয়াস আলী থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মী ও নানা শ্রেণি-পেশার প্রতিপক্ষ নিমিষে তা শিকারে পরিণত হয়েছিলেন।

সেই জিয়াউল আহসানের এমন আস্ফালনের সময় একজন পুলিশ কর্মকর্তার মুখে ‘ইনশাআল্লাহ’ বলে তাকে উৎসাহ জোগানোর ঘটনাটি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের কাঠামোগত সংকটের দিকে স্পষ্ট আঙুল তোলে। পবিত্র ‘ইনশাআল্লাহ’ শব্দটি সাধারণত আল্লাহর ওপর ভরসা বা কোনো সৎকাজের শুভ কামনায় ব্যবহৃত হয়। কিন্তু যখন একজন ভয়ংকর অপরাধীর দম্ভকে টিকিয়ে রাখতে বা তাকে উৎসাহিত করতে এই শব্দটির অপব্যবহার করা হয়, তখন তা শুধু পেশাদারিত্বের লঙ্ঘনই নয়, বরং আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা।

একজন পুলিশ কর্মকর্তা বা রক্ষক যখন অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সুর মিলিয়ে আশাবাদী বা উৎসাহব্যঞ্জক মন্তব্য করেন, তখন সাধারণ মানুষের মনে সরকার, তথা রাষ্ট্রের সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন জাগে। এটি প্রমাণ করে যে, দলীয়করণ এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের মধ্যে অপরাধীর প্রতি একধরনের সহমর্মিতা বা দাসত্বের মানসিকতা শিকড় গেড়ে বসেছে। তারা ভুলে যান যে তাদের প্রথম এবং প্রধান আনুগত্য সংবিধান ও আইনের প্রতি, কোনো ব্যক্তিবিশেষের প্রতি নয়।

খুনি জিয়াউল আহসান যখন দম্ভভরে নায়কোচিত ভঙ্গিতে হাঁটেন, তখন গুম-খুনের শিকার মানুষগুলোর পরিবারের সদস্যদের মনের অবস্থা কেমন হয়, তা দায়িত্বশীলরা অনুধাবন করেন কি না জানি না। ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গুম-খুনের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের আর্তনাদ এবং সাধারণ মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা একটি রূপ পেতে শুরু করেছে। জিয়াউল আহসানদের বিচার কাঠগড়ায় দাঁড় করানো বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। তবে এই বিচার প্রক্রিয়াকে ঘিরে আসামিদের পক্ষ থেকে যে মানসিক চাপ, ঔদ্ধত্য বা প্রভাব বিস্তারের চেষ্টা দেখা যায়, তা বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার এক সূক্ষ্ম অপকৌশল।

সদম্ভ চলাফেরা ও বিজয়ী হওয়ার হুংকার দিয়ে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করার এই অপচেষ্টা মূলত বিচার বিভাগকে চাপে ফেলার একটি মাধ্যম। এ ধরনের সিরিয়াল কিলার ও কুশীলবরা তাদের অতীত প্রভাব এবং নেটওয়ার্কের ওপর ভর করে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতে বা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তাই বিচার বিভাগ এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থাকে সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য এবং কঠোরতার পরিচয় দিতে হবে, যাতে অপরাধের যথাযথ তথ্য-প্রমাণ ও সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে আইনের সঠিক শাসন নিশ্চিত করা যায়। প্রসঙ্গত, উল্লেখ করতে চাই, বর্তমানে জিয়াউল আহসানের মামলায় জেরা চলছে। তদন্তকারী কর্মকর্তাকে দীর্ঘ সময় ধরে জেরা করছেন জিয়াউল আহসানের বোন। অত্যন্ত বেপরোয়া চরিত্রের এই নারী আইনজীবীর জেরা মোকাবিলায় তদন্ত কর্মকর্তার প্রস্তুতির ঘাটতির কথা জানা যাচ্ছে। এটি মামলার চূড়ান্ত পরিণামের জন্য সুখকর খবর নয়।

চট্টগ্রামের রেঞ্জ এসপির শেখ হাসিনার জন্য ‘বাংলাদেশ উদ্ধার’ মিশন এবং কিলার জিয়াউল আহসানের ঔদ্ধত্য আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের উদারতা, অদক্ষতা এবং ক্ষেত্রবিশেষে অনৈতিক সুবিধা গ্রহণ করে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন চব্বিশের জুলাইয়ের অর্জনকে চোখ রাঙাচ্ছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশজুড়ে বোমাবাজি, গাড়িতে আগুন দিয়ে ত্রাস সৃষ্টি এবং আগামী ১৯ নভেম্বর তথাকথিত লকডাউন ঘোষণার পেছনেও রয়েছে প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর ভেতরে এখনো সক্রিয় থাকা আওয়ামী রাজনীতির অনুগতরা।

চট্টগ্রামের এসপি, ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি কিংবা জিয়াউল আহসানের পাশে থেকে তাকে ভরসা দেওয়া ইন্সপেক্টরই শুধু নন, রয়েছে বিরাট সংঘবদ্ধ চক্র। তারা নিয়মিত ভার্চুয়াল যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত করে চলেছে। নাশকতাকারীদের সাহস ও রসদ জোগাচ্ছে। সরকারের ভেতরকার গোপন তথ্য দিয়ে সহায়তা করছে। পতিত শক্তির মনোবল বাড়াচ্ছে। এখনই সত্যিকারের দেশপ্রেমিক ও জুলাইপন্থিদের দিয়ে জন ও পুলিশ প্রশাসনে পুনর্বিন্যাস করতে ব্যর্থ হলে আগামী দিনগুলোতে দেশের রাজনীতি এবং নিরাপত্তাব্যবস্থা নাজুক ও অস্থিতিশীল হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

লেখক: যুগ্ম সম্পাদক, আমার দেশ ও রাজনীতি বিশ্লেষক

বাংলাদেশের জন্য ইসলামি অর্থায়নের সুযোগ

হরমুজ প্রণালির শেষ দৃশ্যটা কেমন হতে পারে

মানুষের স্বস্তি কোথায়

কোন বা পথে বাংলাদেশে যাই

আমাদের ইতিহাসের নির্মম ঘটনাবলি

ক্ষমতার জটিলতা ও বর্ণবাদের নতুন চিত্র

চার স্বৈরতন্ত্রে বিশ্ব টালমাটাল, বাংলাদেশ কোথায়?

ফ্যাসিজম, ভয়, গণমাধ্যম ও ক্ষমতাকেন্দ্র

পাহাড়ে স্থায়ী শান্তি: কোন পথে বাংলাদেশ

মাদকের মহারথীদের কাছে মন্ত্রীরা নস্যি!