আনতালিয়ায় কপ সম্মেলনে (কপ৩১) নেতারা যখন জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা করছেন, তখন নোয়াখালী, ফেনী ও কুমিল্লার সেই পরিবারগুলোর কথা মনে রাখা জরুরি, যারা ২০২৪ সালের আগস্টের বন্যায় ফসল, গবাদি পশু ও ঘরবাড়ি হারিয়েছিলেন। সম্মেলনের আলোচনার সঙ্গে তাদের জীবনের দূরত্ব আসলে ততটা নয়। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি উন্নয়ন, সরকারি অর্থব্যবস্থা এবং আর্থিক খাতের ঝুঁকি। এই ঝুঁকি সামলাতে ইসলামি অর্থায়ন সঞ্চয়কে কাজে লাগাতে, ক্ষতি ভাগ করে নিতে এবং ঝুঁকিতে থাকা মানুষকে সুরক্ষা দিতে পারে। তবে শরিয়াহসম্মত নাম থাকলেই কোনো অর্থায়ন জলবায়ুবান্ধব হয়ে যায় না। দরকার উপযুক্ত প্রকল্প, জবাবদিহি ও পরিমাপযোগ্য ফল।
কপ৩১ তুরস্কের সভাপতিত্বে ৯ নভেম্বর শুরু হয়েছে এবং ২০ নভেম্বর শেষ হওয়ার কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের নেতাদের অধিবেশনে বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের বদলে অনুদান দরকার এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজন খাতে যাওয়া উচিত। বাংলাদেশ অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর দাবিও জানিয়েছে। দাবিগুলো ন্যায্য। কিন্তু আনাতলিয়ায় যে সিদ্ধান্তই হোক, দেশে ফিরে প্রশ্নটি থেকেই যাবে : সহনশীলতা গড়তে অর্থ দেবে কে, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে দেবে, আর সেই অর্থ ঝুঁকিতে থাকা মানুষের কাছে পৌঁছাবে কীভাবে?
বন্যা কীভাবে আর্থিক ক্ষতিতে রূপ নেয়, তা সহজেই বোঝা যায়। ২০২৪ সালের পূর্বাঞ্চলীয় বন্যায় ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়। সিপিডির হিসাবে ক্ষয়ক্ষতি ছিল প্রায় ১৪ হাজার ৪২১ কোটি টাকা; এর এক-তৃতীয়াংশের বেশি কৃষি ও বন খাতে। ফসল হারানো পরিবার সঞ্চয় ভাঙে, সম্পদ বিক্রি করে অথবা চড়া সুদে অনানুষ্ঠানিক ঋণ নেয়। পণ্য নষ্ট হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী কিস্তি দিতে পারে না। তখন ব্যাংক বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণের মান খারাপ হয়। সরকারকে ত্রাণ ও পুনর্গঠনে ব্যয় বাড়াতে হয়, কখনো উন্নয়ন প্রকল্পের অর্থ সরিয়ে, কখনো নতুন ঋণ নিয়ে। মাঠের একটি দুর্যোগ এভাবেই ব্যাংকের হিসাব ও সরকারি বাজেটে পৌঁছে যায়।
বিশ্বব্যাংকের বাংলাদেশ জলবায়ু ও উন্নয়ন প্রতিবেদন বলছে, গড়ে ঘূর্ণিঝড়ে বছরে প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতি হয়; তীব্র বন্যায় জিডিপি ৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। যথাযথ পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে কৃষিজ জিডিপির এক-তৃতীয়াংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। এগুলো পূর্বাভাস নয়, সম্ভাব্য পরিস্থিতির হিসাব; কিন্তু জলবায়ু ঝুঁকি যে অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকেরও বিষয়, তা স্পষ্ট। জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০ বাস্তবায়নে ১১৩টি উদ্যোগের জন্য প্রায় ২৩০ বিলিয়ন ডলারÑঅর্থাৎ বছরে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রয়োজন দেখিয়েছে। এর প্রায় ৬ বিলিয়ন ডলার আন্তর্জাতিক উৎস থেকে আসার কথা। এত বড় ঘাটতি কোনো একটি উৎস দিয়ে পূরণ হবে না। অনুদান, স্বল্পসুদের ঋণ, সরকারি বিনিয়োগ এবং দেশি-বিদেশি বেসরকারি অর্থ—সবই দরকার।
ইসলামি অর্থায়নের নৈতিক ভিত্তি এই কাজে প্রাসঙ্গিক। ন্যায়বিচার, পৃথিবীর রক্ষণাবেক্ষণের দায়, জনকল্যাণ এবং ক্ষতি এড়ানোর নীতি জলবায়ু সহনশীলতাকে সমর্থন করে। মাকাসিদুশ শরিয়াহ মানুষের জীবন ও সম্পদ সুরক্ষাকে গুরুত্ব দেয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতি যারা সবচেয়ে কম নিঃসরণ করেছে, তারাই বেশি বহন করে—এটি ন্যায়বিচারের প্রশ্নও। বাস্তব সম্পদ ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামি অর্থায়নের সম্পর্ক আছে; অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, সহনশীল আবাসন ও সেচে তাই এর সম্ভাবনা রয়েছে।
তবে তিনটি সতর্কতা জরুরি। প্রথমত, শরিয়াহসম্মত হলেই কোনো প্রকল্প পরিবেশের জন্য ভালো হয় না; একই চুক্তিতে সৌর পাম্প বা কয়লাভিত্তিক বয়লার—দুটিই অর্থায়ন করা সম্ভব। ফল নির্ভর করে প্রকল্প বাছাই ও প্রভাব পরিমাপের ওপর। দ্বিতীয়ত, বাস্তবে ইসলামি অর্থায়নের বড় অংশ বিক্রয় বা ইজারাভিত্তিক, যা প্রচলিত ঋণের কাছাকাছি। বাংলাদেশের সরকারি সুকুকগুলোও প্রধানত সম্পদ-সমর্থিত কাঠামোয় হয়েছে; বিনিয়োগকারীরা সব ক্ষেত্রে প্রকল্পের প্রকৃত ঝুঁকি বহন করেন না। তৃতীয়ত, সুশাসন অপরিহার্য।
মার্চ ২০২৬-এ পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৪ শতাংশে পৌঁছেছিল বলে বাংলাদেশ ব্যাংকের তথ্য জানায়। পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করতে হয়েছে। এসব সমস্যা ইসলামি নীতির কারণে নয়; দুর্বল বোর্ড, স্বার্থসংশ্লিষ্ট ঋণ ও মালিকানার কেন্দ্রীভবন এর পেছনে ছিল। কিন্তু শিক্ষা পরিষ্কার : নৈতিক পরিচয় কখনো ভালো তদারকির বিকল্প হতে পারে না।
জলবায়ু অর্থায়নে সুকুক একটি কার্যকর মাধ্যম হতে পারে। ২০২০ সালের ডিসেম্বর থেকে সরকার প্রায় ৪৮ হাজার কোটি টাকার সুকুক তুলেছে। ২০২৬ সালের জুনে নবম সরকারি বিনিয়োগ সুকুকের অর্থ ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পুনর্বাসনে ব্যবহারের কথা। এটি অভিযোজনের অর্থায়ন, কিন্তু এর জন্য প্রকাশিত সবুজ মানদণ্ড বা প্রভাব প্রতিবেদন নেই। ২০২৬ সালের মে মাসে বিএসইসি ঋণপত্রের বিধিতে গ্রিন সুকুকের সংজ্ঞা যুক্ত করেছে এবং স্বীকৃত সবুজ বন্ড মানদণ্ড অনুসরণের নির্দেশ দিয়েছে। এখন অর্থ মন্ত্রণালয় ও নিয়ন্ত্রকদের দরকার স্বচ্ছ কাঠামো : কোন প্রকল্প যোগ্য, অর্থ কোথায় ব্যয় হলো, কত মানুষ উপকৃত হলো—এসবের বার্ষিক প্রতিবেদন। দুর্বল ব্যবস্থাপনায় সবুজ সুকুকের লেবেলও বিনিয়োগকারীকে রক্ষা করে না; বেক্সিমকোর ৩ হাজার কোটি টাকার করপোরেট গ্রিন সুকুক প্রকল্পের দীর্ঘ বিলম্ব তার উদাহরণ।
ইসলামি ব্যাংকগুলো গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে শক্ত অবস্থান কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা ও কৃষিকে অর্থায়ন করতে পারে। সৌরচালিত সেচ, বন্যা-সহনশীল গুদাম, লবণাক্ততা-সহিষ্ণু বীজ ও জলবায়ু-স্মার্ট মৎস্য চাষে মুরাবাহা, ইজারা বা মুশারাকার ব্যবহার সম্ভব। বাধা শরিয়াহ নয়; দরকার নির্ভরযোগ্য ঋণ মূল্যায়ন, স্থানীয় তথ্য এবং ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পুনরুদ্ধার। বাংলাদেশ ব্যাংকের জলবায়ু ঝুঁকি নির্দেশিকা অনুযায়ী ব্যাংকগুলোকে জলবায়ু পরিস্থিতি ধরে চাপ-পরীক্ষা করতে হবে, ঋণঝুঁকি প্রকাশ করতে হবে এবং যাচাই করা ফলের ভিত্তিতে সবুজ অর্থায়নের পুনঃঅর্থায়ন পেতে হবে।
ক্ষুদ্র কৃষক ও জেলেদের জন্য বীমা এবং তাকাফুলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আবহাওয়া-সূচকভিত্তিক বীমায় বৃষ্টিপাত, তাপমাত্রা বা পানির স্তর নির্দিষ্ট সীমা ছাড়ালে ক্ষতিপূরণ দেওয়া যায়; দীর্ঘ ক্ষয়ক্ষতি যাচাইয়ের দরকার হয় না। গ্রিন ডেল্টার কর্মসূচি ২০১৫ সালের ২১৫ কৃষক থেকে ৩৫ জেলায় প্রায় ১৫ লাখ ৩০ হাজার কৃষকে পৌঁছেছে এবং প্রায় ৩৩৬ হাজার দাবিদারকে ১৮ কোটি ৮০ লাখ টাকা দিয়েছে বলে এক গোলটেবিল বৈঠকে জানানো হয়েছিল। তাকাফুলে অংশগ্রহণকারীরা যৌথ তহবিলে অবদান রাখেন এবং পরস্পরের ঝুঁকি ভাগ করেন। কিন্তু কম আয়ের কৃষকের জন্য প্রিমিয়াম, আবহাওয়ার তথ্যের ঘাটতি এবং সূচক ক্ষতি ধরতে না পারার ঝুঁকি সমাধান করতে হবে। দরিদ্র কৃষকের প্রিমিয়ামে সরকারি সহায়তা, পুনঃতাকাফুল সক্ষমতা এবং স্বচ্ছ ক্ষতিপূরণ নীতি দরকার।
জাকাত, ওয়াকফ ও কর্জে হাসানা দুর্যোগের আগে প্রস্তুতি ও পরে পুনরুদ্ধারে সরকারি সামাজিক সুরক্ষাকে সহায়তা করতে পারে। ওয়াকফের অর্থে আশ্রয়কেন্দ্র, উঁচু বসতভিটা ও নিরাপদ পানির ব্যবস্থা হতে পারে; জাকাত দিয়ে জরুরি নগদ সহায়তা দেওয়া যায়; কর্জে হাসানা পরিবারকে জীবিকা পুনরায় শুরু করতে উচ্চসুদের অনানুষ্ঠানিক ঋণ থেকে বাঁচাতে পারে। তবে এসব তহবিলের পেশাদার ব্যবস্থাপনা, সঠিক লক্ষ্য নির্ধারণ, আইনি সুরক্ষা ও প্রকাশ্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। এগুলো রাষ্ট্রের বিকল্প নয়, রাষ্ট্রের সহায়ক।
বাংলাদেশের জন্য এখন সাতটি কাজ জরুরি। প্রথমত, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও ডেল্টা পরিকল্পনা থেকে উপকূলরক্ষা, গ্রামীণ সড়ক, পানি ব্যবস্থাপনা, সৌর সেচ এবং সহনশীল আবাসনের মতো প্রস্তুত বিনিয়োগযোগ্য প্রকল্পের তালিকা করতে হবে। দ্বিতীয়ত, সার্বভৌম গ্রিন ও সাসটেইনেবিলিটি সুকুক কাঠামো, স্বাধীন পর্যালোচনা, নির্দিষ্ট অর্থব্যবহার এবং বার্ষিক প্রভাব প্রতিবেদন চালু করতে হবে। তৃতীয়ত, যেখানে প্রকৃত ঝুঁকি আছে, সেখানে ইসলামি উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক, এডিবি ও জলবায়ু তহবিলের গ্যারান্টি, স্বল্পসুদের অর্থ ও কারিগরি সহায়তা কাজে লাগাতে হবে। চতুর্থত, ব্যাংকের সুশাসন পুনর্গঠন এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বাধ্যতামূলক করতে হবে। পঞ্চমত, বীমা নিয়ন্ত্রককে ক্ষুদ্রবীমা ও ক্ষুদ্রতাকাফুলের বিধি, সূচক ও ক্ষতিপূরণের নিয়ম স্পষ্ট করতে হবে। ষষ্ঠত, ওয়াকফ নিবন্ধন, ডিজিটাল জাকাত ব্যবস্থাপনা এবং বন্যাপ্রবণ ও ঘূর্ণিঝড়প্রবণ জেলায় পরীক্ষামূলক আগাম তহবিল গড়তে হবে। সপ্তমত, অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, পরিকল্পনা কমিশন ও স্থানীয় সরকারকে নিয়ে সমন্বয় কাঠামো গড়ে ফল প্রকাশ করতে হবে—কত টাকা উঠল, কোন জেলা ও কত নারী-নেতৃত্বাধীন পরিবার বা ক্ষুদ্র কৃষক উপকৃত হলেন।
আন্তর্জাতিক অনুদান ছাড়া বাংলাদেশের জলবায়ু অর্থায়নের ঘাটতি পূরণ হবে না; অনুদানের দাবি তাই জোরালোভাবেই তুলতে হবে। একই সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানকে সঞ্চয় সংগ্রহ, ঝুঁকির সঠিক মূল্য নির্ধারণ এবং পরিবারকে সুরক্ষা দেওয়ার উপযোগী করতে হবে। বাংলাদেশ দ্রুত সুকুক বাজার গড়েছে; আবার দুর্বল ব্যাংক শাসনে আস্থা কত দ্রুত হারায়, সেটিও দেখেছে। আনতালিয়া বা ঢাকায় সাফল্য মাপা হবে প্রতিশ্রুতি ও সবুজ লেবেলের সংখ্যায় নয়। পরেরবার পানি বাড়লে নোয়াখালীর কৃষক, সাতক্ষীরার জেলে কিংবা ফেনীর দোকানদার কতটা সুরক্ষিত থাকবেন—সাফল্যের আসল মাপকাঠি সেটিই।
লেখক: অর্থ ও ফিন্যান্সের অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের এলএসইউÑনিউ অরলিন্সের মফেট চেয়ার। তিনি সিনিয়র ফুলব্রাইট স্কলার, ২০১৬ সালের ইসলামী ব্যাংকিং ও ফিন্যান্সে ইসলামি উন্নয়ন ব্যাংক পুরস্কারপ্রাপ্ত এবং AAOIFI-এর এথিক্স অ্যান্ড গভর্ন্যান্স বোর্ডের সদস্য ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান