বাংলাদেশের স্বাস্থ্য খাত কোনোদিন সাধারণ মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানবিক হবে—এ বিশ্বাস দেশের মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলছে। অসুস্থ হলে চিকিৎসা পাওয়ার নিশ্চয়তার বদলে আগে আসে খরচের ভয়, হাসপাতালের অব্যবস্থাপনা আর সেবা না পাওয়ার অনিশ্চয়তা। যাদের অর্থ ও পরিচিতি আছে, তাদের জন্য এক ব্যবস্থা; সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা।
অবশ্য দেশের স্বাস্থ্যব্যবস্থার মান ও সেবার উন্নতি হলো কি না, তা নিয়ে রাষ্ট্রক্ষমতায় যারা আসেন তাদের কিংবা সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের তেমন মাথাব্যথা আছে বলে মনে হয় না। কারণ প্রয়োজন হলে তারা বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারেন। দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকা অসহায় রোগীর যন্ত্রণা তাই তাদের স্পর্শ করে না। এ সংকটের বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বইতে হয়।
সাম্প্রতিক হাম ও ডেঙ্গুর প্রাদুর্ভাব এই দুর্বলতাকে নির্মমভাবে উন্মোচন করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ২০২৬ সালের ১৫ মার্চ থেকে অক্টোবরের শেষ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫০টির বেশি শিশু। ডেঙ্গুতে এ বছর প্রাণ গেছে ৪২০ জনের বেশি মানুষের, যা গত পুরো বছরের মৃত্যুর (৪১৩) চেয়েও বেশি। দুটি রোগে মৃত্যু ১ হাজার ৬৫০ ছাড়িয়েছে; অথচ হাম টিকায় প্রতিরোধযোগ্য। ডেঙ্গুও সময়মতো মশা নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণ ও সঠিক চিকিৎসায় অনেকাংশে নিয়ন্ত্রণযোগ্য।
তাহলে এত মৃত্যুর দায় কার? সমস্যাটা কি অর্থের অভাবে, না জবাবদিহিতার অভাব ও অব্যবস্থাপনায়? এই মৃত্যু শুধু রোগের ভয়াবহতা নয়; এটি আমাদের প্রস্তুতি, প্রতিরোধ ও জবাবদিহিতার ব্যর্থতা।
প্রশ্ন তাই একটাই—বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা কি কোনোদিন সত্যিকার অর্থে মানবিক ও জনবান্ধব হতে পারবে? অবশ্যই পারে, কিন্তু শুধু চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে নয়। এমন ব্যবস্থা গড়তে হবে, যেখানে রোগীকে সম্মান করা, সময়মতো চিকিৎসা দেওয়া এবং অপ্রয়োজনীয় ব্যয় থেকে রক্ষা করা কারো সদিচ্ছা নয়, প্রতিষ্ঠানের বাধ্যতামূলক দায়িত্ব।
সংকট অর্থের, না ব্যবস্থাপনার
অর্থের সংকট বাস্তব। বিশ্বব্যাংকের হিসাবে দেশের মোট স্বাস্থ্যব্যয়ের প্রায় ৭৯ শতাংশ সরাসরি জনগণের পকেট থেকে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে চিকিৎসাব্যয়ের কারণে প্রায় ৪১ দশমিক ৭ শতাংশ মানুষ আর্থিক সংকটে পড়ে। অসুখ মানে তাই অনেক পরিবারের জন্য জমি বিক্রি, ঋণ, নয়তো অসমাপ্ত চিকিৎসা। যে রাষ্ট্রে অসুখ পরিবারকে নিঃস্ব করে, সেই ব্যবস্থাকে জনবান্ধব বলা যায় না।
কিন্তু শুধু অর্থ বাড়ালেই সমাধান হবে না। ব্যবস্থাপনার ব্যর্থতা সমান গভীর। ২০২৪–২৫ সালে টিকাদানে বিঘ্ন, সরবরাহ-সংকট ও দুর্বল তদারকিতে বহু শিশু সুরক্ষা থেকে বাদ পড়ে। বিশেষজ্ঞদের মতে, এটিই বর্তমান হাম-সংকটের অন্যতম কারণ। ডেঙ্গুতেও মৌসুম এলে অভিযান শুরু হয়, অথচ দরকার বছরব্যাপী পরিকল্পনা।
ইউনিয়ন ও উপজেলায় চিকিৎসক, পরীক্ষা ও ওষুধ না থাকায় সবাই ছোটে বড় শহরে। ফলে মেডিকেল কলেজ হাসপাতাল ভেঙে পড়ে। সাম্প্রতিক সংকটে কোনো কোনো হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি হওয়ার এবং শিশুদেরও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়ার খবর এসেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল্যায়নে শহরে প্রতি ১০ হাজারে স্বাস্থ্যকর্মী প্রায় ৭৪ জন এবং গ্রামে মাত্র ১১ জনের কিছু বেশি।
রোগী কোথায় যাবেন, কখন বিশেষজ্ঞ লাগবে, তার কার্যকর ব্যবস্থা নেই। ফলে একই পরীক্ষা বারবার, অর্থ ও সময়ের অপচয়। অভিযোগের প্রতিকার নেই, আবার চিকিৎসকের ওপর হামলার ঘটনাও ঘটে।
রোগ, পরীক্ষা, ওষুধের ঝুঁকি, বিকল্প—সহজ ভাষায় বুঝিয়ে বলা হয় না। দরিদ্র, বৃদ্ধ, নারী ও প্রতিবন্ধী মানুষ বেশি অবহেলার শিকার। অথচ সম্মানজনক আচরণ বাড়তি সৌজন্য নয়, চিকিৎসারই অংশ। টাকার অভাব আছে, তবে যেটুকু টাকা আছে, তারও কার্যকর ব্যবহার হচ্ছে না। তাই সমাধানের পথ হবে একসঙ্গে দুই দিকে—বরাদ্দ ও সুরক্ষা বাড়ানো, আর ব্যবস্থাপনা ও স্বচ্ছতা শক্ত করা।
সমাধানের রূপরেখা
প্রথম ধাপ : আগামী ছয় মাস
• হাম-টিকা থেকে বাদ পড়া শিশু শনাক্ত করে বিশেষ টিকাদান অভিযান।
• শিশুদের টিকার ডিজিটাল নিবন্ধন চালু।
• হাসপাতালের সেবামূল্য ও পরীক্ষার ফি প্রকাশ বাধ্যতামূলক করা।
• ডেঙ্গুর জন্য এলাকাভিত্তিক তথ্য সংগ্রহ ও স্থানীয় সরকারের ওপর স্পষ্ট দায়িত্ব অর্পণ।
দ্বিতীয় ধাপ : এক থেকে তিন বছর
• ইউনিয়ন ও উপজেলায় শক্তিশালী প্রাথমিক চিকিৎসা। প্রতিটি নাগরিক একটি নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্র বা পারিবারিক চিকিৎসকের সঙ্গে যুক্ত থাকবেন।
• উপজেলা ও জেলা হাসপাতালে ওষুধ, পরীক্ষা ও জরুরি সেবা নিশ্চিত করা।
• কার্যকর রেফারেল ব্যবস্থা : প্রাথমিক কেন্দ্র থেকে জেলা, জেলা থেকে বিশেষায়িত হাসপাতাল।
• গ্রামে কর্মরত চিকিৎসকদের জন্য নিরাপত্তা, বাসস্থান, যন্ত্রপাতি, প্রশিক্ষণ ও পদোন্নতির সুযোগ।
• সরকারি হাসপাতালে চিকিৎসক, ওষুধ ও যন্ত্রপাতির উপস্থিতি ডিজিটালভাবে তদারকি।
তৃতীয় ধাপ : তিন থেকে দশ বছর
• দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্তের জন্য করভিত্তিক স্বাস্থ্যসুরক্ষা; পর্যায়ক্রমে সর্বজনীন স্বাস্থ্যসেবার দিকে অগ্রসর হওয়া।
• জাতীয় ডিজিটাল স্বাস্থ্য পরিচয় ও সমন্বিত রোগ-ইতিহাস।
• কমিশনভিত্তিক পরীক্ষা ও ওষুধ বিপণন নিয়ন্ত্রণে আইন ও কঠোর প্রয়োগ।
• একটি স্বাধীন রোগী অধিকার ও স্বাস্থ্যসেবা কমিশন, যেখানে রোগীর অভিযোগের নিরপেক্ষ তদন্ত হবে এবং চিকিৎসকের নিরাপত্তাও নিশ্চিত থাকবে।
অর্থ কোথা থেকে আসবে
এ প্রশ্নের বিস্তারিত উত্তর অর্থনীতিবিদ ও স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞদের দেওয়ার কথা। অর্থনীতির একজন সাধারণ ছাত্র হিসেবে আমি মনে করি, স্বাস্থ্য বাজেটে প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসার অংশ বাড়ানো, ক্রয় ও নির্মাণে অপচয় বন্ধ করে সেই অর্থ সেবায় ফিরিয়ে আনা এবং স্বাস্থ্যসুরক্ষার জন্য করভিত্তিক তহবিল গড়ে তোলা প্রয়োজন।
সবার আগে জানতে হবে, কত টাকা কোথায় যাচ্ছে, তার হিসাব জনগণ জানতে পারছে কি না এবং অর্থের অপচয় বা অনিয়মের জন্য কারো জবাবদিহি করতে হচ্ছে কি না।
নতুন ভবন বা ব্যয়বহুল যন্ত্র কেনাকে আমরা প্রায়ই উন্নয়ন বলি। কিন্তু ভবন আর কার্যকর স্বাস্থ্যব্যবস্থা এক নয়। হাসপাতাল তখনই কার্যকর, যখন সেখানে চিকিৎসক উপস্থিত থাকেন, প্রশিক্ষিত নার্স থাকেন, যন্ত্র সচল থাকে, ওষুধ মেলে এবং অর্থ বা পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হন না। এমন জবাবদিহিতামূলক ব্যবস্থা গড়তে হবে, যেখানে দায়িত্বে অবহেলা হলে তা নিয়মিত তদারকিতে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্নতা দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, হাসপাতালের শৌচাগার পরিষ্কার আছে কি না, তা দেখার জন্যও প্রধানমন্ত্রীর আকস্মিক সফরের প্রয়োজন হবে কেন? এমন ব্যবস্থা গড়তে হবে, যা প্রধানমন্ত্রীর উপস্থিতি ছাড়াই প্রতিদিন কার্যকর থাকে।
স্বাস্থ্য খাতের সাফল্য মাপুন ভবনের সংখ্যায় নয়, সেবার মানে ও রোগীর অভিজ্ঞতায়। প্রতিটি বরাদ্দের হিসাব জনসমক্ষে প্রকাশ করুন। প্রতিরোধযোগ্য প্রতিটি মৃত্যুকে জাতীয় ব্যর্থতা হিসেবে গণ্য করুন।
হাম ও ডেঙ্গুতে চলতি বছরে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু একটি কঠিন সতর্কবার্তা। টিকায় প্রতিরোধযোগ্য রোগে এত শিশুর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না।
মানবিক চিকিৎসা রাষ্ট্রের দয়া নয়, নাগরিকের অধিকার। যেদিন একজন দরিদ্র মানুষ হাসপাতালে গিয়ে নিশ্চিত থাকবেন যে, তাকে অবহেলা করা হবে না, অপ্রয়োজনীয় ব্যয় চাপানো হবে না, অর্থের অভাবে খালি হাতে ফিরতে হবে না—সেদিনই বলা যাবে, বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা সত্যিকার অর্থে মানবিক ও জনবান্ধব হয়েছে।