হোম > রাজনীতি

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তার এ সফর নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরির বার্তা নয়; বরং রাজনৈতিকভাবে সবাই ঐক্যবদ্ধ থাকার বার্তা। সংসদের ভেতরে এবং বাইরে বিগত নির্বাচনে একসঙ্গেই আমরা লড়াই করেছি। সহযোদ্ধাদের পরস্পরের পাশে থাকা, সুখ-দুঃখের অংশীদার হওয়া, একসঙ্গে চলাÑএটিই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে যান জামায়াত আমির। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির নেতারা তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। তাকে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলির রেপ্লিকা, পাঞ্জাবি ও বোরকার কাপড়ও উপহার দেওয়া হয়।

সংসদে বিরোধী দলের ভূমিকার বিষয়ে জামায়াত আমির মন্তব্য করেন, নির্বাচনের ফলাফল নিয়ে তাদের ‘যথেষ্ট রিজার্ভেশন’ থাকলেও দেশ, জাতি ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন। তিনি বলেন, সংসদের ভেতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয়, বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু পাওনা, আমরা বহুলাংশে তা থেকে বঞ্চিত হচ্ছি। সংসদে সরকারি দলের সদস্যদের জন্য যে পরিমাণ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, তার ধারেকাছেও বিরোধী দলের সদস্যদের দেওয়া হয়নি।

অঞ্চলভিত্তিক উন্নয়ন বৈষম্য এবং সংরক্ষিত নারী আসনের সদস্যদের বিভিন্ন উন্নয়ন বরাদ্দ দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ১১ দল ঐক্যবদ্ধভাবে জনগণের মৌলিক দাবিগুলো আদায়ে আন্দোলন করছে।

১১ দলীয় জোট থেকে কোনো দল বেরিয়ে যাওয়ার পর এনসিপিও জোট ছাড়তে পারেÑএমন আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এনসিপির এমন কোনো এজেন্ডা নেই, জামায়াতেরও নেই। তিনি বলেন, আমরা তো সে অর্থে ফরমাল (জোট) না। আমরা একটি নির্বাচনে ঐক্য করেছি। আর এখন জনগণের স্বার্থে আমরা একসঙ্গে আন্দোলন করছি।

ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির বলেন, এ বিষয়ে তারা হোমওয়ার্ক শুরু করেছেন। জোটের শরিক দলগুলোর সম্ভাবনাময় নেতাদের কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদেরও এতে যুক্ত করা হবে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা সংসদের ভেতরে ও বাইরে ঐক্যবদ্ধভাবেই আছি । দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি এবং মানুষের ভোগান্তির বিভিন্ন বিষয় নিয়েও সংসদ ও রাজপথে কথা বলবেন বলেও জানান তারা।

তিনি বলেন, ১১ দল নয়, আমাদের এই আন্দোলন জনগণের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। একই সঙ্গে যেসব রাজনৈতিক ও সামাজিক শক্তি নানা কারণে নির্বাচনে তাদের সঙ্গে আসতে পারেনি, তাদেরও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমিরের সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এটি কেবল সৌজন্য সাক্ষাৎ হলেও এর মধ্য দিয়ে তারা ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন। আমরা এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইটা চালিয়ে যাচ্ছি, সে জায়গায় তার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতিপ্রয়োজন।

নাহিদ ইসলাম আরো বলেন, আগামী সংসদ অধিবেশনে জনগণের পক্ষে তাদের কণ্ঠ শোনা যাবে এবং সংসদের বাইরেও রাজপথে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবেন।

এ সময় এনসিপি কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য জাহিদুর রহমানসহ দলটির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি

বিএনপির সংরক্ষিত নারী এমপিদের বিরোধীদলের আসনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া অসাংবিধানিক

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠক

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

শ্রমবাজারে সিন্ডিকেট করে শ্রমিকের পকেট কাটার অপচেষ্টা চলছে

বুলবুল হত্যার বিচার নিশ্চিতের দাবি ফয়জুল করীমের

নবীজির প্রদর্শিত পথে চলতে ঈদ-ই-মিলাদুন্নবী অনন্য উদাহরণ: রিজভী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ সাত দাবি ঈমান আকিদা সংরক্ষণ কমিটির

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের প্রথম বৃহত্তম কর্মসূচি