চার দিনের সফরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে যাচ্ছেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।
সফরকালে তারা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কর্মসূচি, সীরাত মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় মামুনুল হক মালয়েশিয়ার বিভিন্ন ইসলামি ব্যক্তিত্ব ও ইসলামপন্থি রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁদের।
সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে।
আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন মাওলানা মামুনুল হক।
সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।