হোম > রাজনীতি

মজুরি নিয়ে হতাশা, শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান শ্রমিক মজলিসের

আমার দেশ অনলাইন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে শ্রমিক মজলিস। সংগঠনটি বলেছে, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের শান্ত থেকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম ও সেক্রেটারি জেনারেল এইচ এম এরশাদ এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় সর্বসম্মতিক্রমে গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রতিটি গ্রেডের বিদ্যমান মজুরি অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

তবে সবচেয়ে বেশি শ্রমিক যে গ্রেডে কাজ করেন, সেই গ্রেড-৪-এর মজুরি ১৮ হাজার টাকা করার দাবি জানিয়েছিলেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। কিন্তু মালিকপক্ষের দুই প্রতিনিধি এবং নিরপেক্ষ ও সরকারি পক্ষের দুই প্রতিনিধির ভোটে তা ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি এর বিপক্ষে ভোট দেন।

নেতারা বলেন, বর্তমানে গ্রেড-৪-এর মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বাড়ানো হলেও তা বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকদের দাবি অনুযায়ী আরো ১ হাজার টাকা বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হলে মালিকপক্ষের ওপর বড় ধরনের চাপ তৈরি হতো না, বরং শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরত।

বিবৃতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরির বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন নেতারা। তাদের দাবি, একজন নিম্নস্তরের সরকারি কর্মচারীর বেতন যেখানে প্রায় ৩৬ হাজার টাকা, সেখানে একজন পোশাকশ্রমিকের ১৭ হাজার টাকায় পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন। একই বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেও দুই শ্রেণির মানুষের মধ্যে এমন ব্যবধান শ্রমিকদের হতাশ করেছে।

এ পরিস্থিতিতে দেশের রপ্তানি খাত ও শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমিকদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি বাজারদর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত ও স্থায়ী মজুরি কাঠামো গঠন, কারখানার মুনাফায় শ্রমিকদের ন্যায্য অংশীদারত্ব নিশ্চিত এবং শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে শ্রমিক মজলিস। শ্রমিকদের নিরাপদ আবাসন, রেশনিং ব্যবস্থা ও চিকিৎসাসেবা নিশ্চিত করে মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

ফ্যাসিস্টদের ইন্ধনে অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে এত বিতর্ক কেন

নিউইয়র্কে হ্যারি কে টমাসের বক্তব্যে বিব্রত আ.লীগের নেতাকর্মীরা

দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমান

রক্তের নেশা মেটেনি পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের, চরিত্রেও কোনো পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা, খেলাফত ছাত্র মজলিসের নিন্দা

ফ্যাসিস্ট আ.লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম

গ্রামীণ ব্যাংকে হামলা, আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

বুধবার দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সফল করার আহ্বান