জীবনে বড় কিছু অর্জন করতে হলে জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
শনিবার অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণ অংশ নেন।
তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জীবনে বড় কিছু করতে হলে প্রথমে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও যোগ্য মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, জাতি তথা উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে গড়ে উঠতে হবে, যেন ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।
মতবিনিময়কালে তরুণেরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান এবং প্রশ্ন করেন। তিনি তাদের প্রশ্নের উত্তর দেন এবং ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা ও দেশ-জাতির প্রতি দায়িত্ববোধের বিষয়ে দিকনির্দেশনা দেন।
এ সময় জামায়াত আমির তরুণদের নিজেদের গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।