হোম > রাজনীতি > বিএনপি

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে: রিজভী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

এদেশের সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সেগুলোর সমাধান খুঁজে বের করতে তরুণদের জিজ্ঞাসা, মতামত ও উদ্ভাবনী চিন্তাকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তরুণদের স্বাধীনভাবে প্রশ্ন করার সুযোগ তৈরি করতে হবে। তাদের মধ্যে কৌতূহল, নতুন কিছু জানার আগ্রহ ও মুক্তচিন্তার বিকাশ ঘটানো গেলে তা জ্ঞানভিত্তিক ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের পাশাপাশি জাতীয় পরিকল্পনা প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্‌ফর আহমদ চৌধুরী মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট ২০২৫’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, তরুণদের প্রশ্ন করার সুযোগ দিলে তাদের মধ্যে নতুন নতুন ধারণা ও চিন্তার জন্ম হবে। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা এসব ধারণাকে কাজে লাগিয়ে দেশের সংকট চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানের পথ বের করা সম্ভব। এ জন্য তরুণদের শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না; বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে দেশ, সমাজ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনায় অংশ নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হয়ে পড়েছিল। বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বাধীনভাবে কথা বলা, মতপ্রকাশ করা এবং স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ পাওয়া যেত না।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে একনায়কতন্ত্র কিংবা সামরিক শাসন থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোতে কিছুটা স্বায়ত্তশাসন ও কথা বলার অধিকার বজায় থাকে। কিন্তু শেখ হাসিনার আমলে সেই সুযোগটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। কর্তৃত্ববাদী শাসনের চাপ ও নানা প্রতিকূলতার মধ্যেও দেশের তরুণ-যুবকেরা কাজ করে গেছেন। বর্তমান স্বাধীন পরিবেশে তাঁদের মেধা, মনন ও মুক্তচিন্তার চর্চা আরও বাড়াতে হবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে রিজভী বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিবেশেও সংগঠনটি সামাজিক, মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। অতীতে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন এবং কোভিড-১৯ মহামারি ও ডেঙ্গু প্রাদুর্ভাবের সময় জনস্বাস্থ্যবিষয়ক উদ্যোগ গ্রহণের মাধ্যমে ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইডিয়া ফেস্টের মতো আয়োজন তরুণদের মধ্যে কৌতূহল সৃষ্টি ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মੋচন করবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণদের সৃজনশীল চিন্তা, সাহসী প্রশ্ন এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার সক্ষমতার ওপর। ভবিষ্যতের কর্মক্ষেত্রে বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্বের গুরুত্ব আরও বাড়বে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ফাউন্ডেশন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে আইডিয়া ফেস্টের চূড়ান্ত পর্বে সাতটি দল নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। কৃষি, স্বাস্থ্য, বাণিজ্যসহ জাতীয় বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেন প্রতিযোগীরা। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও বাস্তবমুখী ধারণা তুলে ধরার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন সম্ভাবনা খুঁজে বের করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আইডিয়া ফেস্ট আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক সোহাগ আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে ছাত্রদলের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা শুধুই সুবিধাবাদী: ববি হাজ্জাজ

নতুন-পুরোনোদের সমন্বয়ে কমিটি গঠনের পরিকল্পনা

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছে: রিজভী

সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা নাশকতা করছে: রিজভী

আ.লীগ নেতাকে প্রত্যয়নে বিএনপির দুই নেতার পদ স্থগিত

রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল নেতা ডা. তাইফ