বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।
রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠকে মিলিত হন তারা। এ সময় হাইকমিশনারের সঙ্গে ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
পরে জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রুনাইয়ের পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনেইয়ের সম্ভাব্য ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা হয়।
একই সঙ্গে, দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতাহাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।