হোম > রাজনীতি > জামায়াত

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার

জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবেন না।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বক্তব্য দেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বারবার অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১ হাজার ৪০০ যুবক-যুবতীর রক্তের বিনিময়ে এ অর্জন এসেছে। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিলেন। তাঁরা সব ক্ষেত্রে ন্যায়বিচার, মানুষের মৌলিক অধিকার এবং ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে আচরণ নিশ্চিত করতে চেয়েছিলেন।

তিনি বলেন, জনআকাঙ্ক্ষা ও বিপ্লবীদের প্রত্যাশা ধারণ করে ২০২৪ সালের ৫ আগস্টের রক্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল। এতে ৩৩টি রাজনৈতিক দল অংশ নেয়। সেখানে জুলাই সনদ প্রণীত হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচন হওয়ার কথা ছিল—একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্রের সংস্কার বা পুনর্গঠনের জন্য। কিন্তু নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মেনেছে, অন্যটি মানেনি। এভাবে প্রতারণা করে সংকট তৈরি করেছে।

জামায়াত আমির বলেন, তারা এ প্রতারণা মেনে নেবেন না, জাতিও মেনে নেবে না। বিএনপিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জনগণের এ দাবি আদায় করে ছাড়বেন তারা। সরকার এ দাবি পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের কথা বলছে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ শতাংশ মানুষও এ বিষয়ে রায় দেয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে এবং নির্বাচনী ব্যবস্থার ওপর আঘাত হানছে। এতে মানুষের আস্থার ভিত্তি ধ্বংস হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাস। যার মধ্যে এর লক্ষণ দেখা যাবে, তাকেই ফ্যাসিবাদী বলা যাবে। বর্তমান সরকারের মধ্যে এর অনেক লক্ষণ দেখা যাচ্ছে। তাঁরা সাত দফা দাবি নিয়ে রাজপথে নেমেছেন। বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও লংমার্চে জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন। তাঁদের দাবিগুলো কোনো নির্দিষ্ট দলের নয়, সাধারণ মানুষের। এসব দাবির মধ্যে রয়েছে ভোটাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার।

যুবসমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, অনেক যুবক এখন মাদকের গডফাদার হয়ে উঠেছে। তারা তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। স্কুলেও মাদক বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে শিক্ষককে শিক্ষার্থীদের বলতে হচ্ছে, অন্তত স্কুলে যেন তারা মাদক সেবন না করে। পরিকল্পিতভাবে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের উৎপাত শুধু শহরে সীমাবদ্ধ নেই, গ্রামেও ছড়িয়ে পড়েছে। এটি সমাজের জন্য ভয়ংকর হুমকি। ব্যক্তি, দল ও গোষ্ঠীস্বার্থে যারা এসব অপরাধকে প্রশ্রয় দিয়েছে, তারাই মূলত দায়ী। ক্ষুদ্র স্বার্থে তারা দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

শিক্ষাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চর দখলের মতো দখল করা হচ্ছে। জোর করে উপাচার্য, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, যাঁদের দায়িত্ব পালনের ন্যূনতম যোগ্যতা নেই। স্কুল, কলেজ ও মাদরাসার পরিচালনা কমিটিগুলো দলীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মেধাহীন ও দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া শিক্ষকদের সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ক্ষতি করতে সরকারকে আর এক মিনিটও সময় দিতে চান না তাঁরা। জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি বা অস্ত্রই কার্যকর থাকে না। চব্বিশের তরুণদের নিরস্ত্র আন্দোলনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা তুলে ধরে জামায়াত আমির বলেন, এমন সমাজ গড়তে চান তাঁরা, যেখানে কেউ কারও ওপর জুলুম করবে না, চাকরি ও ব্যবসার অধিকার কেড়ে নেবে না। সবাই সম্মান ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। ভালো কাজ প্রশংসিত হবে, অন্যায় ও অপরাধীরা নিন্দিত হবে। অল্প কিছু অপরাধী পুরো সমাজকে জিম্মি করে রেখেছে। এ অপরাধী চক্র ভেঙে দিতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে আর কোনো ভোটচোর, ডাকাত ও ইঞ্জিনিয়ারকে ছাড় দেওয়া হবে না। এখন থেকেই প্রস্তুতি নিয়ে জনগণকে সংগঠিত করতে হবে। জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

তিনি বলেন, ধ্বংসের মুখে থাকা যুবসমাজকে নিয়ে দৃশ্যমান কার্যক্রম পরিচালনা করতে পারলেই যুব ও ক্রীড়া বিভাগের সফলতা আসবে। তাঁদের বার্তা স্পষ্ট—কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না এবং অন্যায়কে মাথা তুলে দাঁড়াতে দেবেন না।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীন শাসক দল তরুণ সমাজকে চরিত্রহীনতা ও অনৈতিকতার দিকে ঠেলে দিয়ে জাতি গঠনের প্রধান শক্তি যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, ডিলারশিপ, ছিনতাই, কিশোর গ্যাং, ঘাট-হাট ও বস্তি দখল এবং মাদকাসক্তির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এতে তরুণ প্রজন্ম জাতি গঠনের চিন্তা, ঐক্য ও শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তিনি বলেন, লক্ষ মানুষের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতিকে সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যে সংঘাত ও সহিংসতা থেকে দেশকে মুক্ত করে নতুন বাংলাদেশের পথে এগিয়ে নেওয়ার কথা ছিল, সরকার আবার মানুষকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশ একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।

গোলাম পরওয়ার বলেন, চাঁদাবাজি ও দখলদারির সংস্কৃতি থেকে যুবসমাজকে বের করে এনে নৈতিকতা ও আদর্শে গড়ে তুলতে চায় জামায়াত। তরুণদের সমাজ পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতেই দলটির যুব ও ক্রীড়া বিভাগ কাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে চাঁদাবাজি, মাস্তানি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দিতে হবে। স্থানীয় প্রতিনিধিত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিপ্লব একটি হবে, সেটি হবে ইসলামী বিপ্লব। তিনি সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে ও সালাম জানাতে এসেছেন বলেও উল্লেখ করেন।

সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশকে ন্যায় ও ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক, সুন্দর ও শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত। একই সঙ্গে দেশকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কারসাজি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাঁদের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ২০২৪ সালে বাংলাদেশের যুবকেরা অবিস্মরণীয় ঘটনা ঘটিয়েছেন। ওই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারীরাও অংশ নেন। জামায়াতের তৃণমূল পর্যায়ের যুবশক্তিকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশ বর্তমানে ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে। যুবসমাজের নৈতিক ও চারিত্রিক সংকটের পাশাপাশি কর্মসংস্থানও বড় চ্যালেঞ্জ। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ২০২৪-পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা ছিল দেশ সংস্কার হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু দেশ আবার পুরোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন এবং গণতন্ত্রের আন্দোলনে যুবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদের দোসররা নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। বিএনপি সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে তারা এ সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে রায় কার্যকরের আহ্বান জানান তিনি।

সম্মেলনের সভাপতি ও কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনের কবলে ছিল। সে সময় দেশের রাজনীতি গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। জামায়াতে ইসলামী অন্যায়ের সঙ্গে আপস করেনি, মাথা নত করেনি। আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করেছে দলটি।

তিনি বলেন, জামায়াত তরুণদের বাংলাদেশের সামগ্রিক রাজনীতির দিকনির্দেশক হিসেবে দেখতে চায়। সন্ত্রাস, মাদক ও অস্ত্রমুক্ত, মেধাবী, বুদ্ধিদীপ্ত ও সাহসী তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় দলটি। শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে থাকা তরুণদের সংগঠিত করে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশ গঠনে সমাজের সর্বস্তরে যুব ও তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াত কাজ করছে।

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা

জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন

দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সেলিম উদ্দিনের

আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু, জামায়াতের শোক

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সীরাত পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা

আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় মোটরসাইকেল শোডাউনে শিবির নেতা

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনায় জামায়াতের উদ্বেগ