হোম > রাজনীতি > জামায়াত

মাদকবিরোধী গণসচেতনতা গড়ে তুলতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা সেলিম উদ্দিনের

স্টাফ রিপোর্টার

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে মাদকবিরোধী গণসচেতনতা গড়ে তুলতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সঙ্গে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর অঞ্চল কার্যালয়ে বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে রাষ্ট্রীয় উদ্যোগ আরও জোরদার করতে হবে এবং প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের মাদক দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কঠোর হতে হবে।

তিনি জানান, ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি, প্রচারণা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সেলিম উদ্দিন বলেন, অনেকেই ধূমপানকে মাদকের অংশ মনে করেন না। অথচ ধূমপান থেকেই অনেকের মাদকাসক্তির সূচনা হয়। তাই ধূমপানসহ সব ধরনের মাদকের বিরুদ্ধে পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মাদকাসক্তদের ঘৃণা নয়, বরং চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। এ ক্ষেত্রে মাদকাসক্তদের চিকিৎসা সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিটি পরিবারে নৈতিক শিক্ষার চর্চা, খেলাধুলা এবং সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব উদ্যোগ তরুণদের মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাদকাসক্তদের পুনর্বাসনে কাজ করবে। ইসলাম মানুষের ক্ষতি নয়, বরং কল্যাণ ও নিরাপদ জীবন নিশ্চিত করার শিক্ষা দেয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণসচেতনতা বৃদ্ধিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখবে। পাশাপাশি মাদকজাতীয় পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্থানীয় সরকার নির্বাচনসহ ৭ প্রস্তাব

নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ: ডা. শফিক

হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের

রায়পুরে মা ও তিন মেয়ে হত্যার ঘটনায় জামায়াতের মহিলা বিভাগের উদ্বেগ

রাজধানীতে ছাত্রশিবিরের ৫ কিলোমিটার দীর্ঘ ‘রান এগেনেইস্ট ড্রাগ’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস রাজধানীতে জামায়াতের যুব র‌্যালি

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: সংসদে কামাল হোসেন

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ