হোম > রাজনীতি > এনসিপি

সহিংসতা ও প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ এনসিপির

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অভিযোগ জানাতে সোমবার (২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে দলটির একটি প্রতিনিধি দল।

বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, অ্যাডভোকেট হুমায়রা নুর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আইমান রাহাত অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াত-এনসিপির ওপর সংঘবদ্ধ হামলা চালাচ্ছে। এসব ঘটনায় মামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাঁর ভাষ্য, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আইমান রাহাত বলেন, হামলাকারীরা প্রকাশ্যে দাবি করছে—প্রশাসন তাদের পক্ষে রয়েছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, ইউএনও ও ওসিরা কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। কোথাও কর্মকর্তাদের বদলি হলেও বাস্তব কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। ফলে দেশজুড়ে ভয়ভীতির পরিবেশ তৈরি হচ্ছে।

নোয়াখালীর হাতিয়ায় ৩০ জানুয়ারি ফেরি উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত একটি হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় এনসিপি, জামায়াতে ইসলামী এবং স্থানীয় জনগণের ওপর বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরদিন একই এলাকায় আবারও মিছিলের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।

প্রশাসনের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন তুলে আইমান রাহাত বলেন, বিএনপি ও আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে বলছেন প্রশাসন তাদের পক্ষে কাজ করছে। মনে হচ্ছে প্রশাসন একটি নির্দিষ্ট দলের হয়ে পারপাস সার্ভ করছে। এমন পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন।

বিএনপির একজন শীর্ষ নেতার বক্তব্য নিয়েও উদ্বেগ জানায় এনসিপি। দলটির অভিযোগ, বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী দাবি করেছেন—পুলিশ, এনএসআই ও ডিজিএফআইয়ের জরিপের ভিত্তিতে বিএনপির প্রার্থী বাছাই করা হয়েছে। এনসিপির মতে, এই দাবি সত্য হলে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়।

এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কৃষিঋণ মওকুফ সংক্রান্ত বক্তব্যের পর বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার চিঠি পাঠানোর বিষয়টিও নির্বাচন কমিশনের নজরে আনা হয়। আইমান রাহাত বলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য বাস্তবায়নে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আগাম তৎপরতা নির্বাচনি আচরণবিধির পরিপন্থি।

গণভোট প্রসঙ্গেও অভিযোগ তুলে তিনি বলেন, গণভোট কোনো দলের নয়। অথচ ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া শেরপুরে জামায়াতের এক নেতার নিহত হওয়ার ঘটনা, নারায়ণগঞ্জে ভোটারদের হুমকি, নারী রাজনৈতিক কর্মীদের ওপর হামলা ও হয়রানিসহ একাধিক সহিংস ঘটনার বিষয় বৈঠকে তুলে ধরা হয়। ব্রিফিংয়ে আইমান রাহাত বলেন, নির্বাচন কমিশন আশ্বাস দিলেও বাস্তবে আরও দৃশ্যমান ও কঠোর ভূমিকা প্রয়োজন। তা না হলে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আদৌ সম্ভব কি না—সে প্রশ্ন থেকেই যায়।

হাসনাত আবদুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন, তদন্তে প্রশাসন

ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে

হ্যাঁ জয়যুক্ত হলে প্রার্থীরা জনগণের কাছে আসতে বাধ্য হবেন

সচেতন নাগরিক হিসেবে আদালতে গেছি, আইন বিচার করবে

শাপলা কলির অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে

চট্টগ্রামে নির্বাচনি মাঠে নেই গণঅভ্যুত্থানের নেতারা

১১ দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: আকতার

সরকার অনেকটা ব্যর্থ, কখনো জুলাইকে ভুলে যাবো না: নাহিদ ইসলাম

নারীদের উপর আক্রমন করলে গাছে ঝুলিয়ে দিব: আখতার হোসেন