হোম > ইসলাম ও জীবন

৫৪ বছরের মধ্যেই খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। দেশটির মোট জনসংখ্যায় খ্রিষ্টানদের অনুপাত কমে ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে। বিপরীতে বাড়বে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

বুধবার প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, প্রজন্মগত পরিবর্তন এবং ধর্মীয় পরিচয় ত্যাগের প্রবণতা এ পরিবর্তনের প্রধান কারণ। একই সময়ে বিশ্বের অন্যান্য অঞ্চলেও ধর্মীয় জনগোষ্ঠীর অনুপাতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

গবেষণা অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ছিলেন খ্রিষ্টান। ২০৭০ সালে এ হার কমে ৪৭ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে। অর্থাৎ দেশটিতে খ্রিষ্টানদের অনুপাত অর্ধেকের নিচে চলে যাবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা দ্রুত বাড়বে। ২০২০ সালে দেশটির মোট জনসংখ্যার ২৯ দশমিক ৭ শতাংশ ছিলেন ধর্মীয় পরিচয়হীন। ২০৭০ সালে এ হার বেড়ে ৪১ দশমিক ৩ শতাংশ হতে পারে।

মুসলিমদের অনুপাতও বাড়ার পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১ দশমিক ২ শতাংশ ছিলেন মুসলিম। ২০৭০ সালে তা বেড়ে ৩ দশমিক ৭ শতাংশ হতে পারে। একই সময়ে হিন্দুদের অনুপাত শূন্য দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে বৌদ্ধদের অনুপাত ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ দশমিক ১ শতাংশ হতে পারে। ইহুদিদের অনুপাতও ২০২০ সালের ১ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০৭০ সালে ১ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে।

কেন কমছে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের সংখ্যা

যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের অনুপাত কমে যাওয়ার কারণ হিসেবে প্রজন্মগত পরিবর্তন ও ধর্মীয় পরিচয় পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল শ্যাটজ। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে তিনি বলেন, বয়স্ক প্রজন্মের তুলনায় তরুণ মার্কিনিদের মধ্যে ধর্মীয় পরিচয়হীন হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার প্রবণতা অনেক বেশি। খ্রিষ্টধর্ম ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা নতুন করে এই ধর্ম গ্রহণকারীদের চেয়ে বেশি।

তার মতে, অভিবাসন খ্রিষ্টানদের সংখ্যা কমার এই প্রবণতা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। তবে শুধু অভিবাসনের মাধ্যমে এ পরিবর্তন উল্টে দেওয়া সম্ভব হবে না।

বিশ্বে মুসলিমরা হবে বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী

গবেষণায় শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বজুড়ে ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য পরিবর্তনের চিত্রও তুলে ধরা হয়েছে। পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। তখন মুসলিমরা হবেন বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী।

গবেষণার হিসাব অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিমের সংখ্যা দাঁড়াতে পারে ২৫৭ কোটি। অন্যদিকে খ্রিষ্টানদের সংখ্যা হতে পারে ২৫২ কোটি। ২০৭০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ৩৫ দশমিক ৮ শতাংশ মুসলিম এবং ২৯ দশমিক ১ শতাংশ খ্রিষ্টান হতে পারেন।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে তুলনামূলক কম বয়সী জনগোষ্ঠী, সন্তান জন্মদানের উচ্চ হার, মৃত্যুহার, ধর্মীয় পরিচয় পরিবর্তন এবং অভিবাসন।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে মুসলিমদের প্রায় এক-তৃতীয়াংশের বয়স ছিল ১৫ বছরের নিচে। আলোচনায় থাকা ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিমদের গড় বয়স সবচেয়ে কম। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। একই সময়ে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫।

অন্যদিকে খ্রিষ্টানদের ধর্মীয় পরিচয় ছেড়ে যাওয়ার প্রবণতা মুসলিম ও হিন্দুদের তুলনায় বেশি। এসব কারণে বিশ্বে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল শ্যাটজ সতর্ক করে বলেছেন, এই পূর্বাভাসকে নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে দেখার সুযোগ নেই। সন্তান জন্মদানের হার, অভিবাসন, যুদ্ধ, অর্থনৈতিক উন্নয়ন, রাষ্ট্রীয় নীতি এবং ধর্মীয় পরিচয় পরিবর্তনের প্রবণতা ভবিষ্যতে এই চিত্র বদলে দিতে পারে।

সূত্র: নিউজউইক

এএম

নাশকতার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

জীবন ও সম্পদের নিরাপত্তার দোয়া

নিরাপদ মানুষ চাই

মাহফিলের বক্তা ও শ্রোতার করণীয়

জীবনের সেরা নিয়ামত মা-বাবা

শীতার্তের আর্তনাদে জাগুক মুমিনের বিবেক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোরআনে আলোচনা নেই কেন, জবাবে যা বললেন ড. জাকির নায়েক

ইসলামী জ্ঞানের জন্য এআই কি নির্ভরযোগ্য

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা