বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল দুজন মানুষের একত্রে বসবাসের নাম নয়; বরং ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ত্যাগের এক পবিত্র বন্ধন। একটি সংসার গড়ে তুলতে স্বামী-স্ত্রী উভয়কেই অনেক কিছু ত্যাগ করতে হয়। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সমাজে অনেক সময় সামান্য অজুহাত, রাগ-অভিমান কিংবা একতরফা সিদ্ধান্তের কারণে সেই সাজানো সংসার ভেঙে দেওয়া হয়।
সম্প্রতি সাত বছর সংসার করার পর সন্তান না হওয়ার অজুহাতে এক নারীকে তালাক দেওয়ার ঘটনা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে।
সাত বছর কোনো ছোট সময় নয়। এই দীর্ঘ সময়ে একজন নারী তার জীবনের গুরুত্বপূর্ণ সময়, শ্রম, ভালোবাসা ও আবেগ একটি সংসারের পেছনে ব্যয় করেন; স্বামীর পরিবারকে আপন করে নেন, সংসারের দায়িত্ব পালন করেন এবং সুখে-দুঃখে পাশে থাকেন। অথচ সন্তান হচ্ছে না বলে সাত বছর পর তাকে তালাক দেওয়া হয়! প্রশ্ন হলো, সাত বছর সন্তান হয়নি বলে সামনে হবে না, সেটা কী করে নিশ্চিত হলেন? আর সন্তান না হওয়ার দায় কি শুধু নারীর? সন্তান হওয়া বা না হওয়া কি মানুষের একক ইচ্ছাধীন? এর পেছনে পুরুষের শারীরিক কারণও থাকতে পারে। তাহলে শুধু নারীকে দায়ী করে তার সাজানো সংসার ভেঙে দেওয়া কতটা ন্যায়সংগত?
এর চেয়েও বেদনাদায়ক বিষয় হলো, আমাদের সমাজে কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণেও অনেক নারীকে নির্যাতনের শিকার হতে হয়; কোথাও কোথাও তাদের তালাকও দেওয়া হয়। অথচ সন্তান ছেলে হবে, নাকি মেয়ে—এটি সম্পূর্ণ আল্লাহ তায়ালার সিদ্ধান্ত। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন।’ (সুরা আশ-শুরা : ৪৯)
সুতরাং সন্তান না হওয়া কিংবা কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে স্ত্রীকে দোষারোপ করা অজ্ঞতা ও জাহেলি মানসিকতার পরিচয়। অথচ এর কারণে কোনো কোনো নারীকে অপমানিত হতে হয়, নির্যাতন সহ্য করতে হয়, এমনকি তালাকপ্রাপ্ত হয়ে সংসারও হারাতে হয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
ইসলাম তালাককে নিষিদ্ধ করেনি; কারণ কখনো কখনো স্বামী-স্ত্রীর মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, যখন একসঙ্গে বসবাস করা কঠিন হয়ে পড়ে। তবে ইসলাম তালাককে খেল-তামাশার বিষয় বানায়নি; বরং বিরোধ দেখা দিলে প্রথমে সমঝোতা ও সংশোধনের চেষ্টা করতে বলেছে। আল্লাহ তায়ালা বলেন, ‘আর যদি তোমরা স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের আশঙ্কা কর, তাহলে স্বামীর পরিবার থেকে একজন সালিশ এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করো।’ (সুরা আন-নিসা : ৩৫)
কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক স্বামী সামান্য ভুল, পারিবারিক মনোমালিন্য, রাগ কিংবা অন্যের প্ররোচনায় তালাক দিয়ে বসেন। কখনো যৌতুক, কখনো আর্থিক স্বার্থ, কখনো সন্তান না হওয়া, আবার কখনো কন্যাসন্তান জন্ম দেওয়ার মতো অজুহাতে নারীদের ওপর জুলুম করা হয়। এসব তালাকে অপব্যবহার, নারীর প্রতি জুলুম ও ইসলামি শিষ্টাচার-বহির্ভূত কাজ।
এভাবে তালাকের অপব্যবহারে নারী বৈষম্যের শিকার হয়। সংসার ভেঙে যাওয়ার পর তাকে সামাজিক নানা প্রশ্ন, কটূক্তি ও অবজ্ঞার মুখোমুখি হতে হয়। অনেক সময় কোনো অপরাধ না করলেও তাকেই দোষারোপ করা হয়; অথচ তালাকপ্রাপ্ত হওয়া কোনো নারীর অপরাধ নয়, লজ্জার বিষয়ও নয়। সমাজের উচিত তাদের সম্মানের চোখে দেখা এবং নতুন করে জীবন গড়ার সুযোগ দেওয়া। আল্লাহ তায়ালা বলেন, ‘অতঃপর হয় যথাযথভাবে স্ত্রীকে রেখে দেবে, অথবা সুন্দরভাবে বিদায় দেবে।’ (সুরা আল বাকারা : ২২৯)। অর্থাৎ সংসার করলে সদাচরণের সঙ্গে করতে হবে, আর বিচ্ছেদ ঘটালেও তা হতে হবে সুন্দর ও ন্যায়সংগত পন্থায়।
আমাদের মনে রাখতে হবে, তালাক একটি বৈধ ব্যবস্থা; কিন্তু এর অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্তান না হওয়ার কারণে কিংবা কন্যাসন্তান জন্ম দেওয়ার অপরাধে কোনো নারীকে তালাক দেওয়া চরম অন্যায়। তালাক দেওয়ার আগে নিজের সিদ্ধান্তের পরিণতি, অপর পক্ষের অধিকার এবং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়টি গভীরভাবে চিন্তা করা জরুরি। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে সংসার হবে ভালোবাসা ও দায়িত্ববোধের ভিত্তিতে; আর বিচ্ছেদ ঘটলেও কেউ কারো প্রতি জুলুম করবে না। আমিন।
লেখক : শিক্ষাসচিব, হরিপুর মাদরাসা, কালিহাতী, টাঙ্গাইল