১২ হাজার ৬৬৮ কোটি টাকার প্রস্তাব
বিশ্বের নামি-দামি ফুটবলারদের নিজেদের দলে ভিড়িয়েছে সৌদি আরবের ক্লাবগুলো। ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে নেইমারের মতো সুপারস্টাররা ইউরোপের চাকচিক্য ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমিয়েছেন। পর্তুগিজ ও ব্রাজিলিয়ান দুই মহাতারকাকে দলে ভেড়াতে রীতিমতো বস্তা বস্তা টাকা উড়িয়েছে আল নাসর ও আল হিলাল। সিআর সেভেন দুর্দান্ত খেলে আল নাসরের টাকা উসুল করে দিলেও নেইমার পুরোপুরি ফ্লপ। ইনজুরির কারণে সিংহভাগ সময় কেটেছে তার বসেই। একরকম না খেলেই নিয়েছেন প্রচুর অর্থ। তাদের পথে হেঁটেছেন করিম বেনজেমা ও সাদিও মানে। সৌদি আরব এবার নজর দিয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের দিকে।
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে এশিয়ায় ছিনিয়ে নিতে অবিশ্বাস্য অঙ্কের টাকাই খরচ করতে প্রস্তুত সৌদি আরব। অবিশ্বাস্য বলতে পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার বা ১২ হাজার ৬৬৮ কোটি টাকা। চুক্তি করলে বছরে পারিশ্রমিক পাবেন ২০ কোটি ইউরো। সঙ্গে থাকছে ৩০ কোটি ইউরোর ট্রান্সফার ফি। আর রিয়ালে ভিনির রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। ভাবছেন এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প কি না? ব্যাপারটা তেমন কিছু নয়।
বাস্তবেই ভিনিকে কিনে নিতে ১২ হাজার ৬৬৮ কোটি টাকার প্রস্তাব দিতে প্রস্তুত সৌদি প্রো লিগের একটি ক্লাব। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এমন খবর দিলেও ক্লাবের নাম জানায়নি। এখন এমন লোভনীয় প্রস্তাবের খবরই ছড়িয়ে পড়েছে ইউরোপিয়ান গণমাধ্যমে। খবরটা আলোর মুখ দেখলে আর রিয়াল মাদ্রিদের এ মেগাস্টার তাতে সম্মতি দিলে ভিনি হবেন ফুটবল দুনিয়ার সবচেয়ে দামি খেলোয়াড়। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে কিনে ইতিহাস গড়েছিল পিএসজি।
তবে ইএসপিএন জানিয়েছে, সান্তিয়াগো বার্নাব্যু শিবিরের ‘সোনার ডিমপাড়া হাঁস’ ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে আল আহলি। তবে শুধু এ ক্লাবটিই নয়, ভিনিকে পেতে চাচ্ছে সৌদির আরো অনেক ক্লাব। শোনা যাচ্ছে, রোনালদোর আল নাসর থেকে নেইমারেরর আল হিলালও নাকি যোগ দিয়েছে এই ব্রাজিলিয়ানকে দলে পাওয়ার দৌড়ে। তবে এই দুদলের চেয়ে লড়াইয়ে রয়েছে রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ ও ইভান টনির ক্লাব আল আহলি।
গত বছরও সৌদি থেকে প্রস্তাব পেয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু বিশাল অঙ্কের অর্থের কাছে মাথানত করেননি। এবার প্রস্তাব পেলে রাজি হবেন কি না, সেটা অবশ্য জানা যায়নি। কারণ সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা এখনো নাকচ করেননি ২৪ বছরের এই গোলমেশিন। ২০২৩ সালে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করেছেন। যার মেয়াদ শেষ হবে ২০২৭ সালে।
সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি জানান, তার দৃঢ় বিশ্বাস টনি ক্রুসের মতো টাকার পেছনে নয়, ভিনিসিয়ুস দৌড়াবেন গৌরবের পেছনে। থেকে যাবেন সান্তিয়াগো বার্নাব্যুতে, ‘ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গাটা আলাদা। কিন্তু আমি মনে করি ভিনি সুখী এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জিততে আগ্রহী। সে গৌরবের পেছনে ছুটতে চায়।’
সালজবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ৫-১ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করে ভিনিসিয়ুস অবশ্য রিয়ালে থেকে যাওয়ার আভাস দিয়ে রেখেছেন, ‘আমার ভবিষ্যৎ? রিয়াল মাদ্রিদ। আমার পরবর্তী ধাপ হচ্ছে সব সময় নিজের উন্নতির বিষয়টি মাথায় রাখা এবং পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবটিকে সহায়তা করা। আমি এখানে আসার এবং অসাধারণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম। এটাই আমার স্বপ্ন। আমি আরও বড় কিছু চিন্তা করতে চাই, দলের জার্সিতে আরও বেশি শিরোপা জিততে চাই।’