ম্যাচসেরার পুরস্কার জেতার জন্য ব্যাট হাতে দারুণ ইনিংস কিংবা বোলিংয়ে ভালো কিছু করে দেখাতে হয়। এর কোনোটাই করেননি লুক উড। এরপরও ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। সেটা কেবলমাত্র ক্যাচ ধরে।
আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে আজম খানের সুপার সাব হিসেবে ডেজার্ট ভাইপার্সের হয়ে মাঠে নামেন উড। তাতেই বিরল এই কীর্তি গড়েন তিনি।
আগে ব্যাট করে ১৯৩ রান জড়ো করে ডেজার্ট। সুপার সাব হিসেবে নেমে দুই ওভার বল করে ২১ রান খরচে কোনো উইকেট পাননি উড। কিন্তু তিনটি ক্যাচ নেন। আরেকটি ক্যাচে সহায়তা করেন। মূলত এজন্যই ম্যাচসেরা হন উড।
সহজেই চারিথ আসালাঙ্ক ও সুনিল নারিনের ক্যাচ নেন উড। অবশ্য নজরকাড়া ছিল কাইল মায়ার্সের ক্যাচটি। বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে ক্যাচ ধরে শূন্যে থেকে সেটাকে মাঠে ছুঁড়ে মারেন। পরে নিজের ভারসাম্য ঠিক করে মাঠে এসে সে ক্যাচ লুফে নেন।
আন্দ্রে রাসেলের আউটে নাম না থাকলেও সেখানে উডের ভূমিকা কোনো অংশেই কম নয়। বাউন্ডারি লাইনে বাইরে গিয়ে শূন্যে থেকে ক্যাচ ধরেন। এরপর সেটাকে ছুঁড়ে মারেন মাঠে থাকা সতীর্থ ডেভিড পেইনের দিকে।