আইসিসি প্রকাশিত ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়নি ভারত, ইংল্যান্ডের মতো শীর্ষ দলের কোনো ক্রিকেটারের। যদিও সবশেষ বছরের সেরা টেস্ট একাদশে আধিপত্য রয়েছে এই দুই দলের ক্রিকেটারদের। যেখানে আছেন সর্বোচ্চ চারজন ইংলিশ ক্রিকেটার। ভারত থেকে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার।
বর্ষসেরা টেস্ট দলের নেতৃত্বে আছেন অস্ট্রেলিয়ার তারকা সিমিং অলরাউন্ডার প্যাট কামিন্স। তিনি ছাড়া এই দলে নেই অজিদের আর কোনো ক্রিকেটার। নিউজিল্যান্ড থেকে আছেন দুজন ক্রিকেটার। এছাড়া শ্রীলঙ্কা থেকে বাকি একজন ক্রিকেটার জায়গা পেয়েছেন।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। যদিও আফ্রিকান জায়ান্টদের কোনো ক্রিকেটার নেই বর্ষসেরা টেস্ট দলে।
বর্ষসেরা টেস্ট দল: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরা।