ইংলিশ প্রিমিয়ার লিগে জিততেই ভুলে যাচ্ছিল চেলসি। টানা পাঁচ ম্যাচ জয়হীন থেকে সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উলভসের বিপক্ষে মাঠে নামে নীল জার্সিধারীরা। ম্যাচটিতে ৩-১ গোলের স্বস্তির জয় তুলে নিয়েছে তারা। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে চেলসি।
এর আগে সবশেষ গত ১৬ ডিসেম্বর ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারায় চেলসি। এরপরই ব্যর্থতার বৃত্তে আটকে যায়। পরের পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে। বাকি ম্যাচ দুটিতে হেরে যায় এনজো মারেস্কার শিষ্যরা।
স্ট্যাম্পফোর্ড ব্রিজে প্রত্যাবর্তনের ম্যাচে তোসিন আদারাবায়োর গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় চেলসি। পরবর্তীতে স্বাগতিকদের হয়ে একবার করে জালের দেখা পান মার্ক কুকুরেল্লা ও নোনি মাদুয়েকে। উলভসের হয়ে একবার ব্যবধান কমান ম্যাট ডোহার্টি। ২২ ম্যাচে চেলসির সংগ্রহ ৪০ পয়েন্ট। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল।