বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবে পিটার জেমস বাটলারকেই নিয়োগ দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজ আক্তার কিরণ। বাটলারের কোচিংয়েই টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। তবে সাফ জয়ের আগে বিতর্কের মুখেও পড়েছিলেন এই ইংলিশ কোচ। অভিযোগ ওঠে, দলের সিনিয়র ফুটবলারদের নাকি এই কোচ পছন্দ করেন না! বাটলারও পাল্টা অভিযোগ করে বলেন, জাতীয় দলে থাকা নারী ফুটবলারদের কেউ পেছন থেকে প্ররোচিত করে ভুল পথে পরিচালিত করছে। অর্থাৎ তার অভিযোগের তির যে সাবেক কোচ গোলাম রব্বানীর দিকে ছিল, সেটি আর বলার অপেক্ষা রাখে না। ২০২২ সালে ছোটনের অধীনে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। যাইহোক, সব বিতর্ক পেছনে ঠেলে দলকে সাফের শিরোপা জেতালেন বাটলার। তার প্রতি আবারও আস্থা রাখছে বাংলাদেশ। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি ছিল তার। আরও এক বছর মেয়েদের কোচিং করাবেন তিনি। বর্তমানে ইংল্যান্ডে সময় কাটাচ্ছেন এই কোচ।