জানালেন বাটলার
বেশ কয়েকজন খেলোয়াড়ের বিদ্রোহের ইস্যুতে আরও একবার মুখ খুললেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। চলমান সংকট নিরসনের লক্ষ্যে গঠিত বিশেষ তদন্ত কমিটিকে তিনি জানিয়ে দিলেন, অধিনায়ক সাবিনা খাতুনসহ বেশ কয়েকজন খেলোয়াড় দলে থাকলে কোচিং করাবেন না।
বাটলার বলেন, ‘তারা (তদন্ত কমিটি) জানতে চেয়েছে, আমিও ব্যাখ্যা দিয়েছি। আমি বেশ স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ফ্যাক্টবিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না। এ প্রসঙ্গে আমি কয়েকজনের নাম দিয়েছি। সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এগুলো আজেবাজে কথা, এটা বন্ধ হওয়া দরকার।’
কোচ বাটলারের বিরুদ্ধে ১৮ সিনিয়র নারী ফুটবলার বিদ্রোহ করেছেন। এ কোচের পদত্যাগ চেয়েছেন তারা। যদি বাটলারকে দায়িত্ব থেকে না সরানো হয়, তাহলে গণঅবসরে যাবেন সাবিনারা। বাটলারের মতে, ১৮ ফুটবলারের মধ্যে সাতজন অপরাধী। তাদের বিরুদ্ধে তার সব অভিযোগ। জানা গেছে, এ ফুটবলাররা হলেন অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়র। বাটলার জানান, বর্তমানে নারী ফুটবলে যা চলছে, সেটি গ্রহণযোগ্য নয়। নারী ফুটবলের অচলাবস্থার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেছেন বাফুফের গঠিত বিশেষ কমিটির সদস্যরা। এ কমিটির প্রধান ইমরুল হাসান আমার দেশকে বলেন, ‘আমাদের কাজ আমরা গুছিয়ে এনেছি। আগামীকাল (আজ) আমরা প্রতিবেদন জমা দেব। যাদের প্রয়োজন মনে হয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি।’