রহমতগঞ্জের টানা তৃতীয় জয়
এবারের মৌসুমে দুর্দান্ত খেলছে আবাহনী লিমিটেড। তাদের দলে কোনো বিদেশি খেলোয়াড় নেই। সরকারের পটপরিবর্তনের পর দল গঠন করতে গিয়েই হিমশিম খায় দলটি। তবে শুধু দেশের ফুটবলারদের নিয়ে দল গড়েই বিস্ময়কর পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে পেশাদার লিগের সবচেয়ে সফল দলটি। আজ ফেডারেশন কাপের ম্যাচে ফকিরেরপুল ইয়াংমেন্সের বিপক্ষে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে তিন গোল উপহার দিলো আবাহনী। ৬৫ থেকে ৭১ মিনিটে তিনটি গোল পায় দলটি। এতে আবাহনী ৩-০ গোলে হারায় ফকিরেরপুলকে। এই জয়ে ‘বি’ গ্রুপে সেরা দল হওয়ার পথে এগিয়ে গেল তারা। তিন ম্যাচ খেলে প্রতিটিতে জয় পাওয়া আবাহনীর অর্জন এখন ৯ পয়েন্ট।
কুমিল্লা শহিদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ফকিরেরপুলের বিপক্ষে ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে যায় আবাহনী। বল নিয়ে ডানপ্রান্ত দিয়ে বক্সের মধ্যে এনামুল ইসলাম গাজী ঢুকে পড়েন। কিন্তু এই ফরোয়ার্ডকে বক্সের মধ্যে ফেলে দেন ফকিরেরপুলের ডিফেন্ডার গান্টো। এতে পেনাল্টির সুযোগ পেয়ে, তা কাজে লাগায় দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। ইয়াসিন খান পেনাল্টি থেকে গোল করে আনন্দের উপলক্ষ্য এনে দেন। কয়েক মিনিট পর ডানপ্রান্ত দিয়ে আবারোও আক্রমণ শানায় আবাহনী। ওয়ান টু ওয়ান পাসে বক্সের মধ্যে প্রবেশ করে সহজেই গোল পান হাসান মুরাদ। এনামুল গাজীর পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন এই ডিফেন্ডার। ৭১ মিনিটে মাহদি ইউসুফ খান দলের পক্ষে তৃতীয় গোলটি করেন ।
এদিকে, দারুণ ছন্দে থাকা রহমতগঞ্জও ফেডারেশন কাপে টানা তৃতীয় জয় পেয়েছে। তারা ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলার ৩২ মিনিটে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ এলোমেলো করে দিয়ে অসাধারণ এক গোল উপহার দেন রহমতগঞ্জের মিসরের ফরোয়ার্ড মোস্তফা হামাদ। ৪২ মিনিটে গোল পান বোয়েটাং। থ্রো থেকে বল ক্লিয়ার করতে পারেনি বন্দর নগরীর দলটি। জটলা থেকে বল পেয়ে দারুণ শটে গোল করেন ঘানার ফরোয়ার্ড। ৭১ মিনিটে রহমতগঞ্জের হয়ে গোল করেন ফাহিম নুর তোহা। বক্সের মধ্যে মাহমুদুল হাসান কিরণে ক্রস থেকে সহজেই গোল করেন এই ফরোয়ার্ড। এই জয়ে ‘বি’ গ্রুপে আবাহনীর সমান ৯ পয়েন্ট অর্জন রহমতেগঞ্জেরও। এই দুই দলের মধ্যে গ্রুপ সেরা হওয়ার লড়াই জমে উঠেছে।