টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় সবুজ সংঘ ক্যারাম টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এলেঙ্গার সবুজ সংঘ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সভাপতি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পরিচালক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সময়কার সরকারের আমল ও গত ১৭ বছর তাদের পরিবারের ওপর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও ত্যাগের কথা তুলে ধরেন।
সবুজ সংঘ ক্লাবের বিষয়ে তিনি বলেন, 'এই সবুজ সংঘ ক্লাবটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ ক্লাবের উন্নয়নে আমার বাবারও ভূমিকা ছিল। আমিও এই ক্লাবের উন্নয়নে পাশে থাকব। মানুষের কল্যাণে এবং এলাকার মানুষের জন্য সবসময় কাজ করে যেতে চাই।'
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি দক্ষিণ আফ্রিকার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ সংঘ, এলেঙ্গার সভাপতি মো. মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা শুকুর মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। নিয়মিত ক্রীড়া চর্চার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনও আরও দৃঢ় হবে।
টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।।