মার্তা কক্সকে মোটা বলে সম্বোধন করায় বরখাস্ত হলেন পানামা ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াস। তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
২০২৩ সালের মার্চের ঘটনা। সেসময় পানামা নারী ফুটবলের নানা অনিয়ম নিয়ে সমালোচনা করেন কক্স। নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠ সংকট ও অনুশীলন সুবিধা না থাকায় বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তোলেন পানামা জাতীয় দল ও তুর্কি ক্লাব ফেনেরবাচের এই খেলোয়াড়। যেটা ভালো লাগেনি আরিয়াসের।
প্রতিবাদ করায় গণমাধ্যমের সামনে কক্সকে নিয়ে আরিয়াস বলেন, ‘কক্স এখন আর স্বাভাবিক আকারে নেই। সে মোটা হয়ে গেছে। তাই নড়াচড়া করতে পারে না।’
আরিয়াসের এই ধরনের অশোভন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কক্স। পাশে পান সতীর্থদেরও। সবশেষ আরিয়াসের ওপর শাস্তি খড়গ নিয়ে এগিয়ে আসে ফিফা। শাস্তি মেনে নেওয়ার পাশাপাশি নিজের ভুল স্বীকার করেছেন আরিয়াস।