ফাইনালে ওয়েনের ব্যাটিং তাণ্ডব
প্রথমবারের মতো বিগ ব্যাশে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল হোবার্ট হারিকেন্স। অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির ২০২৪-২৫ মৌসুমের শিরোপা জিতেছে তারা। সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে সিডনি থান্ডারকে ৭ উইকেটে হারিয়েছে হোবার্ট। মূলত মিচেল ওয়েনের ব্যাটিং তাণ্ডবে ফাইনালে শেষ হাসি হেসেছে তারা।
হোবার্টের বেলেরিভ ওভালে আগে ব্যাট করে ১৮২ রানের বড় পুঁজি পায় সিডনি। যদিও ওয়েনের মারকাটারি ব্যাটিংয়ে এই লক্ষ্যটাও মামুলি বানিয়ে ফেলে স্বাগতিকরা। ১৪.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
৩৯ বলে সেঞ্চুরি করেন ওয়েন। তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৪২ বলে ১০৮ রানের ইনিংস। ৬ চারের পাশাপাশি ১১টি ছয় মারেন এই ওপেনার। ৩২ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। সিডনির হয়ে ৪৩ রানে ২ উইকেট নেন তানভির সাঙ্গা।
এর আগে জেসন সাঙ্গা ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে চড়ে বড় পুঁজি পায় সিডনি। ৪২ বলে ৬৭ রান করেন জেসন। ৩২ বলে ৪৮ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। ওলিভার ডেভিসের ব্যাট থেকে আসে ২৬ রান। হোবার্টের হয়ে রাইলি মেরেডিথ ও নাথান অ্যালিস ৩টি করে উইকেট নেন।